বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ফাইনালে থামল রংপুরের জয়রথ:গায়ানার শিরোপা উৎসব

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৭-১৯ ১৩:৩৫:১৭
ছবি সংগৃহিত

টানা তিন জয়ের পর ফাইনালে এসে থেমে গেল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের শিরোপা জিতে নিয়েছে স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স। রংপুরকে ৩২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা।
প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারের আসরেও শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। কোনো ম্যাচ না হেরে তারা প্রথম দল হিসেবে জায়গা করে নেয় ফাইনালে। শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয়ে খেলতে নামলেও শেষ ম্যাচে ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ প্রতিনিধিত্বকারী দলটির। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
প্রথমে ব্যাট করে গায়ানা তুলেছে ৪ উইকেটে ১৯৬ রানের বিশাল স্কোর। আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত-৩৮ বলে করেন ৬৬ রান (৬ চার, ৪ ছক্কা)। তার আগে ওপেনার জনসন চার্লস খেলেছেন ৪৮ বলে ৬৭ রানের ইনিংস (১১ চার, ১ ছক্কা)। শেষ দিকে রাদারফোর্ডের ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ডের ৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস গায়ানাকে নিয়ে যায় প্রায় দুইশ রানের দ্বারপ্রান্তে।
রংপুরের বোলিং ছিল বেশ অনুজ্জ্বল। কামরুল ইসলাম, উমারজাই, খালেদ-কারোই পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়। খালেদ একমাত্র উইকেট শিকারী হলেও দিয়েছেন ৪৪ রান।
১৯৭ রানের লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। সৌম্য সরকার ১৪ বলে ১৩, ইব্রাহিম জাদরান ৫, কাইল মায়ার্স মাত্র ৫ রান করে ফিরে যান। এরপর সাইফ হাসান ও ইফতেখার আহমেদ মিলে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। সাইফ ২৬ বলে ৪১ ও ইফতেখার ২৯ বলে ৪৬ রান করেন।
তাদের জুটিতে কিছুটা আশার আলো দেখলেও রান আউটে ভেঙে যায় গুরুত্বপূর্ণ জুটি। এরপরের ব্যাটসম্যানরা আর ম্যাচে ফিরিয়ে আনতে পারেননি দলকে। যদিও শেষদিকে অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ইনিংস হার সহজ করলেও জয় এনে দিতে পারেননি।
প্রথম পর্বে রংপুরের কাছে হারা গায়ানা ফাইনালে নেমেছিল প্রতিশোধের মিশনে। নিজেদের মাঠে খেলতে নামা গায়ানার ক্রিকেটাররা শুরু থেকেই দেখিয়েছে দৃঢ়তা। বিশেষ করে গুরবাজ-চার্লসের ব্যাটিং এবং প্রিটোরিয়াসের বোলিং পারফরম্যান্স ছিল ম্যাচ-জয়ী।
প্রিটোরিয়াস ৩৭ রানে ৩ উইকেট এবং গোদাকেশ মোতি ২ উইকেট নিয়ে রংপুরের ব্যাটিং লাইন ধসিয়ে দেন।
অপ্রতিরোধ্য যাত্রার পর একটিমাত্র ম্যাচে হেরে ট্রফি না পাওয়াটা হতাশাজনক হলেও রংপুর রাইডার্স গোটা আসরে ছিল অন্যতম সেরা দল। ফাইনালে হারলেও নিজেদের পারফরম্যান্স ও ধারাবাহিকতায় তারা প্রশংসার দাবিদার। আগামী মৌসুমে ফেরার আশায় মাঠ ছাড়ল রংপুর।

কিওয়ার্ডস: রংপুর রাইডার্স, গায়ানা আমাজন ওয়ারিয়র্স, গ্লোবাল সুপার লিগ ২০২৫, ক্রিকেট ফাইনাল ২০২৫, Rangpur vs Guyana Final


এ জাতীয় আরো খবর