বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জে বু ন্নে ছা মু নি য়া

  • নরম মাটির ঘ্রাণ
  • ২০২৫-০৭-১৯ ০২:১৫:৪২

ছবির মতো সুন্দরের মাঝে একটা বোকা মানুষ একলা দাঁড়িয়ে থাকে।
এক রত্তি হৃদয়ে আকাশ সমান ভালবাসা বইতে চায়
নদীর জন্য, পাখির জন্য, ছন্নছাড়া প্রাণের জন্য...
এত প্রেম নিয়ে সে কেবল আরো বেশি করে 
একলা হয়ে যায় 
নিঃস্ব হয়ে যায়।
পৃথিবীর সন্তানেরা আজকাল মায়া ভোলার দীক্ষা নিচ্ছে 
বিদ্যালয়ে নতুন সিলেবাস।
সেখানে বোকা মানুষটির কথায় কথায় মন ভার
জল গড়ায় চোখে..
কি আদিখ্যেতা! 
মাটির মানুষ মাটি হতে শেখেনি কোনদিন
চোখ মেলে সে আকাশ দে'খে
কেবলি উদ্ধত হতে শেখে।
বোকা মানুষ এসব জানতেই পারে না
প্রকৃতি তাকে কঠোর হতে দেয় না
কেশরদামের মতো বিছিয়ে রাখে হৃদয় ধরিত্রীর বুকে
তার অস্তিত্ব জুড়ে কেবল খেলা করে নরম মাটির ঘ্রাণ।
 

 


এ জাতীয় আরো খবর