বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • কবির প্রেম নেই
  • ২০২৫-০৭-১৯ ০২:০০:২৯

রুদ্র চৌধুরী নামটা বাংলা কবিতার জগতে অচেনা নয়। রাজনৈতিক জাগরণ, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত জ্বলন্ত শব্দ, দার্শনিক ভাবনায় মোড়া ভারী পঙ্‌ক্তিমালাই ছিল তাঁর কাব্যপরিচয়।
কিন্তু তিনি কেবল এক বিষয়ের কাছেই অনড় -- প্রেম !
--- প্রেমের কবিতা ? হুঁ ! ওসব দুর্বল হৃদয়ের বিলাসিতা,
এই কথাটা তিনি বারবার বলেছেন বিভিন্ন সাহিত্যসভায়, বিভিন্ন সাক্ষাৎকারে।
যারা কাছ থেকে তাঁকে চিনতেন, জানতেন -- এই অনাড়ম্বর, কাঠখোট্টা কবির জীবনেও একদিন কেউ এসেছিল, নাম পলি -- খুব নরম মেয়ে। চোখে স্বপ্ন ছিল, আর হৃদয়ে ছিল অদ্ভুত এক ভালোবাসা রুদ্রের জন্য।
পলি বলত,
--- তুমি এত কবিতা লেখো রুদ্র, কিন্তু আমার জন্য একটা লাইনও লেখো না ! আমি কি এতটাই অপ্রয়োজনীয় তোমার জগতে?
রুদ্র হেসে বলত,
--- তুমি তো আমার বাস্তব, কবিতায় বাস্তব আসে না, পলি। বাস্তবের জন্য তো আমি নিজে আছি।
পলি নিশ্চুপ হয়ে যেত। তারপর একদিন হঠাৎই সে চলে যায়।
কোনো তর্ক নয়, কোনো অভিযোগ নয়, শুধু একটা চিঠি রয়ে যায় রুদ্রের টেবিলে:
তুমি কবিতা ভালোবাসো, আমি তোমাকে। আমরা সমান্তরাল, রুদ্র।
আমি তোমার কবিতায় স্থান না পেলেও আমার চোখে তুমি চিরকাল কবি হয়ে থাকবে -- বিদায়।
পলি চলে যাওয়ার পর রুদ্র আরো কঠোর হয়ে যান। সমাজ, রাষ্ট্র, বঞ্চনা -- এই সব নিয়েই কবিতা লেখেন। যেন নিজেকে প্রেমের বাইরে রাখার প্রতিজ্ঞা করেই ফেলেছেন।
তবে কেউ জানত না, প্রতিদিন ঘুমের আগে সেই চিঠিটা তিনি খুলে পড়েন। একরকম নীরব শাস্তি যেন--
এক সন্ধ্যায়, বনশ্রীর নির্জন ফ্ল্যাটে বসে তিনি হঠাৎই বাতাসের ধাক্কায় খোলা জানালায় চোখ রাখেন। পাতাগুলো কাঁপছে, যেন কারো নিঃশ্বাস এসে ছুঁয়ে যাচ্ছে তাকে।
কেন যেন মনে হলো -- পলি এখনও আছেন। এখনও হয়তো অপেক্ষা করছেন, কোনও এক কবিতায় স্থান পাওয়ার আশায়।
সেই রাতেই তিনি লেখেন:
প্রেমের কবিতা না লিখে কবি হয় কোন শালা?
কবিতাটি যেন তার নিজের মুখোমুখি দাঁড়ানো, নিজের অহংয়ের বিপরীতে এক মৃদু, অথচ তীব্র চপেটাঘাত।
এবার আর তিনি লুকোননি।
নাম দিয়েছিলেন। কবিতার শেষে ঠিকানা দিয়েছিলেন যেন পলি সেটা পড়ে। যেন সে জানে -- রুদ্র এখন বুঝেছে।
পরদিন, সামাজিক মাধ্যমে ঝড়।
-- এটা কি রুদ্র চৌধুরী লিখেছেন ?
-- এতদিন পরে প্রেম ?
-- তিনি তো বলতেন, প্রেম দুর্বলতার নাম !
রুদ্র আর কিছু বলেননি।
শুধু খোলা জানালার পাশে বসে থাকেন সারাদিন।
আর টেবিলের উপর পড়ে থাকে সেই পুরনো চিঠি।
পলির লেখা শেষ পঙ্‌ক্তিটি তিনি বারবার পড়েন, নিজের কবিতার নিচে জুড়ে দেন :
তোমার কাব্য শুধু শব্দের চর্চা ছিল, হৃদয়বৃত্তিক নয়।
এবার হয়তো তিনি সত্যিকারের কবি হলেন।
কারণ, তিনি ভালোবাসতে শিখলেন।


এ জাতীয় আরো খবর