বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জুলাই সনদ না হলে দায় কার? ‘পিআর’ পদ্ধতির বিরুদ্ধেই মাঠে বিএনপি: সালাহউদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৭-১৯ ০০:৫৮:১৪
ছবি সংগৃহিত

বাংলাদেশে ‘আনুপাতিক প্রতিনিধিত্ব’ বা ‘পিআর’ পদ্ধতির নামে নির্বাচনের দাবি জনগণের সঙ্গে রাজনৈতিক প্রতারণা-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “এ দেশের মানুষ পিআর পদ্ধতির মারপ্যাঁচ বোঝে না। এ পদ্ধতির পেছনে আছে বিভ্রান্তি ছড়ানোর অশুভ উদ্দেশ্য।”
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে মহানগর উত্তর বিএনপির আয়োজনে এক মৌন মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এই কর্মসূচি ছিল জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দলীয় ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ।
সালাহউদ্দিন বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়া। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার কোনো সাংবিধানিক দায় তাদের নেই। অথচ কেউ কেউ চাচ্ছেন-জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হোক, সেটা বিভ্রান্তিমূলক।”
তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের ম্যান্ডেট দুইটি-রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন। “স্থানীয় সরকারের ভোট কমিশনের মূল দায়িত্ব নয়,”-জোরালোভাবে বলেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, “যারা বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তারাই আজ পিআর পদ্ধতির নামে ঘোলা পানিতে মাছ শিকারের ফাঁদ পাতছে। বিভ্রান্তিমূলক রাজনীতির অভিজ্ঞ খেলোয়াড়রা নতুন বাক্যবাগীশ সেজে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে।”
তিনি নাম না নিলেও ইঙ্গিত করেন কিছু দল এবং ব্যক্তি আবারও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে।
জুলাই সনদ বিষয়ে সরকারকে কঠোর বার্তা দিয়ে সালাহউদ্দিন বলেন, “জুলাই মাসের মধ্যেই যদি জাতীয় সনদ (জুলাই সনদ) চূড়ান্ত না হয়, তাহলে এ ব্যর্থতার দায় বর্তাবে সংস্কার কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ওপর।”
তিনি অভিযোগ করেন, “সংস্কার কমিশনের নামে কিছু দল খানা-পিনা করে চলে যাচ্ছে, অথচ কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তারা কেউ কেউ অতীতে আওয়ামী লীগের সঙ্গে মিশে ছিল। তারা আবার সেই শক্তিকে ফিরিয়ে আনার কৌশল নিচ্ছে।”
সালাহউদ্দিন বলেন, বিএনপি আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে দিয়েছে। “আমরা সেই পথেই এগোচ্ছি। কিন্তু বারবার আমাদের ওপর সংস্কার ব্যর্থতার দোষ চাপানোর চেষ্টা চলছে। বাস্তবে ঐকমত্যে পৌঁছাতে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে।”
তিনি বলেন, “আমরা রাষ্ট্রকাঠামোর সংস্কার চাই, আমরা নতুন সংবিধান চাই—যেটা হবে জনগণের সংবিধান, ফ্যাসিবাদমুক্ত সংবিধান।”
সম্ভাব্য মতপার্থক্যকে স্বাভাবিক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “গণতন্ত্র মানেই সবাই সব বিষয়ে একমত হবে না। তবে দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো।”
শেষে বিএনপির নেতা বিভিন্ন স্লোগানে কর্মীদের উদ্বুদ্ধ করেন-
“এ দেশ আমার মুক্ত, আর দেব না রক্ত”
“ফ্যাসিবাদের ঠাঁই নাই, বাংলায় বাংলায়”
 “রক্তঝরা বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই”

কীওয়ার্ডসঃ #জুলাইসনদ #সালাহউদ্দিনআহমেদ #PRনির্বাচনবাংলাদেশ #গণতন্ত্রসংস্কার #BNPমৌনমিছিল

#JulyCharter #SalahuddinAhmed #ProportionalRepresentationBD #DemocracyReformBD #SilentMarchBNP


এ জাতীয় আরো খবর