২০২২-২৩ মৌসুমের উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সাথে আছেন ম্যানচেস্টার সিটির ডি ব্র“ইনা ও আর্লিং হল্যান্ড।
বৃহস্পতিবার সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করেছে উয়েফা।
জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারের গত ১২ মাসের পারফরম্যান্স বিচার করে প্রতি বছর এই পুরস্কার দেয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
উয়েফা বর্ষসেরার পুরস্কারের জন্য প্রথমে সংস্থাটির টেকনিক্যাল স্টাডি গ্রুপ ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে একটি প্রাথমিক তালিকা তৈরি করে দেয়। তালিকায় থাকা খেলোয়াড়দের ভোট দেন উয়েফা আয়োজিত প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের প্রথম রাউন্ডে খেলা দলগুলোর কোচ, নির্বাচক ও নির্বাচিত সাংবাদিকেরা।
এবার সবচেয়ে বেশি ভোট পেয়েছেন হল্যান্ড, মেসি ও ডি ব্রুইনা।
শেষ মৌসুমে পিএসজির হয়ে লিগ আঁ জিতলেও চ্যাম্পিয়নস লিগে অর্জন নেই মেসির। তাঁর দল পিএসজি দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে। যদিও ৭ ম্যাচ খেলে ৪ গোলের পাশাপাশি ৪ গোলে সাহায্য করে মেসি ছিলেন ছন্দেই। একটিতে হন ম্যাচসেরাও।
অন্যদিকে গতবার ট্রেবল জিতেছে মানচেস্টার সিটি। আর্লিং হল্যান্ড ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও সর্বোচ্চ গোল দিয়েছেন। তার আরেক সতীর্থ ডি ব্র“ইনাও ইউরোপের অন্যতম সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন।
বর্ষসেরা খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা কোচের সেরা তিনের নামও প্রকাশ করেছে উয়েফা। এই তিনজন হচ্ছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমন ইনজাগি এবং নাপোলির লুসিয়ানো স্পালেত্তি।
৩১শে আগস্ট মোনাকোয় চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।