চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহিদ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সভায় অংশ নেন সরকারি কর্মকর্তা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ,শিক্ষার্থী,সুধী সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার মানুষ। সভায় বক্তব্য দেন পুলিশ সুপার রেজাউল করিম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক, সিভিল সার্জন ডা.এ.কে.এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিল্পব কুমার মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব সাব্বির আহমেদ,জুলাই আন্দোলনে আহত তাহমিদুল হাসান প্রমুখ। বক্তারা নিহত ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, গত জূলাইয়ে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। জূলাই আন্দোলন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। তবে বৈষম্য ও শোষণের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিবাদ এখনও চলছে। আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।