বুধবার, আগস্ট ২৬, ২০২৬

ভালুকায় গলা কেটে মা ও দুই সন্তানকে হত্যা: দেবর নজরুল পলাতক,সন্দেহ ঘনীভূত

  • ময়মনসিংহ প্রতিনিধি
  • ২০২৫-০৭-১৪ ১২:৫৩:১৭
ছবি সংগৃহিত

ময়মনসিংহের ভালুকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ গেল একই পরিবারের তিন সদস্যের-মা ও দুই শিশুসন্তান। রোববার (১৩ জুলাই) রাতে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খারুয়ালি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে ২৫ বছর বয়সী ময়না বেগম, তার ৭ বছরের মেয়ে রাইসা বেগম এবং ২ বছরের ছেলে নিরবকে। সোমবার সকালে তাদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ময়না নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাস আগে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম ভালুকার খারুয়ালি এলাকায় ফাইয়ুম মিয়ার বাসায় দুটি কক্ষ ভাড়া নেন। রফিকুল একটি কাঠমিলে কাজ করেন এবং নজরুল ব্যাটারিচালিত অটোরিকশা চালান। ঘটনার রাতে রফিকুল ডিউটির জন্য বাসা ছেড়ে যান।
সকালে কাজ শেষে বাড়ি ফিরে বারান্দার গেটে তালা দেখতে পান তিনি। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাসার মালিক ও তার স্ত্রীকে ডাকেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকেই স্তম্ভিত হয়ে পড়েন তিনি-বিছানায় পড়ে রয়েছে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ, চারপাশে রক্তের দাগ।
ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে এবং একটি রক্তমাখা দা ও চাদর জব্দ করে। হত্যার পেছনে কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশের ধারণা, এটি পূর্বপরিকল্পিত এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে হতে পারে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই নিহত ময়নার দেবর নজরুল ইসলাম নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ। এ ঘটনায় নজরুলের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা এবং পুলিশও তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে খুঁজছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “নিহতদের দেবর নজরুল ঘটনার পর থেকেই পলাতক। আমরা জেনেছি তার বিরুদ্ধে গাজীপুরে একটি হত্যা মামলাও রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নজরুলই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”
স্ত্রী ও সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ রফিকুল ইসলাম। তিনি বলেন, “আমি গতকাল সন্ধ্যায় কাজের জন্য বাসা থেকে বের হই। সকালে এসে দেখি বারান্দার দরজায় তালা। পরে তালা ভেঙে দেখি-আমার সব শেষ হয়ে গেছে। কী দোষ করেছিল তারা?”
এই নির্মম হত্যাকাণ্ডে খারুয়ালি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নজরুল ইসলামকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। প্রাথমিক তদন্তে হত্যার সম্ভাব্য মোটিভ হিসেবে পারিবারিক দ্বন্দ্ব এবং নজরুলের আগের অপরাধমূলক কর্মকাণ্ড গুরুত্ব পাচ্ছে।
এদিকে, তিনটি লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কিওয়ার্ডস: ভালুকা হত্যাকাণ্ড, ময়মনসিংহ গলা কাটা লাশ, ভালুকায় মা সন্তান হত্যা, নজরুল ইসলাম পলাতক, খারুয়ালি তিন লাশ, বাংলাদেশ পারিবারিক হত্যাকাণ্ড, গাজীপুর হত্যা মামলা, ভালুকা নিউজ আজ, Breaking Crime News Bangladesh, Mymensingh triple murder.


এ জাতীয় আরো খবর