দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অশোভন ও অবমাননাকর আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি সহিংস ঘটনার বিষয়ে তথ্য জানতে গিয়ে আজকের পত্রিকার দৌলতপুর প্রতিনিধি তামিম আদনান এমন আচরণের শিকার হন বলে অভিযোগ করেছেন।
গত শুক্রবার উপজেলার চক কৃষ্ণপুর গ্রামে সংঘর্ষ, লুটপাট ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে রোববার (১৩ জুলাই) সকালে ফোনে জানতে চাইলে ওসি ক্ষিপ্ত হয়ে উঠেন এবং কল রিসিভ করেই বলেন, “আবার শালা এই শালা ফোন দেয়”-এমন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
তামিম আদনান জানান, “আমি একটি গুরুতর ঘটনার সত্যতা যাচাই করতে ফোন করেছিলাম। ওসি’র এমন দায়িত্বজ্ঞানহীন ও অশালীন ভাষা একজন পেশাদার পুলিশ কর্মকর্তার কাছে প্রত্যাশিত নয়।”
এমন আচরণ আগেও একাধিকবার সাংবাদিকদের সঙ্গে করেছেন বলে অভিযোগ তুলেছেন দৌলতপুরের বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি আহমেদ রাজু বলেন, “ওসি বরাবরই সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করে থাকেন। আমি ব্যক্তিগতভাবে তাকে এড়িয়ে চলি।”
স্থানীয় সাংবাদিক নাজমুল ইসলাম জানান, “সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে এমন আচরণ বড় বাধা হয়ে দাঁড়ায়। একাধিকবার এমন আচরণ করেছেন তিনি।”
দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রশাসনের কর্মকর্তাদের সাংবাদিকদের সঙ্গে পেশাদার ও শালীন আচরণ করা উচিত। একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন ভাষা গ্রহণযোগ্য নয়।”
এদিকে ওসি নাজমুল হুদা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো সাংবাদিকের সঙ্গে অসদাচরণ করিনি। অনেক সময় ব্যস্ততার কারণে কল রিসিভ করতে পারি না, তবে পরে কল ব্যাক করি।”
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “হয়তো ওসি অন্য কারো সঙ্গে কথা বলছিলেন। তবে অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাকে আরও পেশাদার আচরণ করতে বলা হবে।”