সোনালি রোদের খাঁজে খাঁজে দেখি আজ
চিক চিক করা রুপালি ঠোঁটের চুমু,
বাতাসের উন্মাদনায় ভেসে আসছে এক খন্ড মেঘ,
দূরন্ত পায়ের মাতমে কাঁপছে পৃথিবী
ছুটছে তারা দ্বিধাহীন চিত্তে,
ভেজাবে না আর ক্লান্তিকর বৃষ্টি,
তাইতো জিভ ভেঙাতে প্রস্তুত তীব্রতর চাহনি।
আমি আশ্চর্য! জিজ্ঞেস করি ছোট্ট প্রাণের কাছে
এখন কি তুমি স্বাধীন? পায়ের পাতায় কি
মাটির বুকে প্রেম এঁকে তোমায় টানছে কাছে?
অবুজ নয়ন বুঝে না কিছু, সে বুঝে বিকেলের দর্পনে
আবারও উছল হাওয়াতে
ভেসে বেড়ানোর আহবান এসেছে,
তবে কি পৃথিবীর অতিরিক্ত সব কিছুতেই
হতাশার ছাপ আঁকতে চায় মনোজগৎ?
এভাবেই কি ভাড়াটিয়ার দখলে আছে প্রতিটি প্রাণ
যেখানে টিকে না থেকে বারংবার উচ্ছেদের
তাড়নায় পীড়িত হতে চায় সাধন-ভজন।