গাজায় চলমান মানবিক বিপর্যয় ও কথিত যুদ্ধাপরাধ বন্ধে ইউরোপের মুসলিম সমাজ এক অভিন্ন কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক ঐতিহাসিক সংবাদ সম্মেলনে ইউরোপজুড়ে ১৫ হাজারেরও বেশি মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো যৌথভাবে ‘গাজা ঘোষণাপত্র’ উপস্থাপন করেছে।
বুধবার (৯ জুলাই) ব্রাসেলস প্রেস ক্লাবে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মেহমেত উস্তুন, এক্সিকিউটিভ বডি অব মুসলিমস ইন বেলজিয়ামের প্রেসিডেন্ট। তিন ভাষায় (ইংরেজি, জার্মান, ফ্রেঞ্চ) আয়োজিত এই অনুষ্ঠানে ইউরোপের শীর্ষস্থানীয় মুসলিম নেতারা অংশ নেন।
ঘোষণাপত্রে জানানো হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। হাজারো মানুষ এখনো নিখোঁজ, ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, আবাসন ও যোগাযোগব্যবস্থা। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করে ভয়াবহ দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন নেতারা।
ঘোষণাপত্রে ইউরোপের মুসলিম নেতারা সাত দফা দাবি তুলে ধরেন:
অবিলম্বে যুদ্ধবিরতি ও গণহত্যা বন্ধ।
সকল বন্দি ও আটক ব্যক্তিদের মুক্তি।
মানবিক সহায়তার বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করা।
যুদ্ধাপরাধে ব্যবহৃত সম্ভাব্য অস্ত্র সরবরাহ বন্ধ করা।
আন্তর্জাতিক অপরাধ আদালতের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা।
গাজার সাংবাদিকদের প্রবেশাধিকার ও সুরক্ষা নিশ্চিত।
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও দুই রাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধান।
নেতারা বলেন, এই দাবিগুলো ইউরোপের সাধারণ জনগণ সমর্থন করলেও অধিকাংশ সরকারের রাজনৈতিক অবস্থান এখনো প্রতিক্রিয়াশীল। এমনকি মুসলিম বিশ্ব থেকেও কোনো সমন্বিত কূটনৈতিক চাপে এখনো দেখা যাচ্ছে না, যা অত্যন্ত হতাশাজনক।
সংবাদ সম্মেলনে গাজায় অবকাঠামো ও জীবিকার সংগঠিত ধ্বংসযজ্ঞকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞদের মতে 'গণহত্যা' বলে উল্লেখ করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও উচ্চ পর্যায়ের নেতাদের বক্তব্যে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বিতাড়নের পরিকল্পনা স্পষ্ট হয়ে উঠছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।
নেতারা আরও জানান, বর্তমানে ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর মাধ্যমে সীমিত সহায়তা দেওয়া হচ্ছে, যা বাস্তবে উত্তর গাজা থেকে মানুষকে স্থানচ্যুত করতে চাপ সৃষ্টি করছে এবং সংকট আরও বাড়িয়ে তুলছে।
ঘোষণাপত্রে ইউরোপের ইহুদি সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। নেতারা বলেন, “কোনো উগ্রবাদী গোষ্ঠী বা উসকানিদাতা আমাদের মুসলিম ও ইহুদি জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করতে পারবে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:
হাসিম মোহাম্মেদ (বাংলাদেশি বংশোদ্ভূত,ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া)
আহমেদ ডেনিজ (ডেনিশ মুসলিম ইউনিয়ন)
ইব্রাহিম আলসি (ফ্রেঞ্চ কাউন্সিল ফর ইসলাম)
জেকেরিয়া আলতুগ (জার্মানির মুসলিম সমন্বয় কাউন্সিল)
ইয়াসিন বাড়াদাই (ইতালির ইসলামিক সংগঠন ইউসিওআইআই)
মাসুম জুবাইর (ইসলামিক কাউন্সিল অফ নরওয়ে)
সম্মেলনের শেষ অংশে নেতারা ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, "আপনাদের কষ্ট, আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছে। শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ ফিলিস্তিন প্রতিষ্ঠায় আমরা আপনাদের পাশে আছি।"
কি-ওয়ার্ডস:গাজা যুদ্ধ ২০২৫, গাজা ঘোষণাপত্র, ইউরোপের মুসলিম সংগঠন, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, ব্রাসেলস প্রেস ক্লাব, গাজা মানবিক বিপর্যয়, মুসলিম নেতাদের ৭ দফা দাবি, ইউরোপে মুসলিম ঐক্য, গাজা যুদ্ধবিরতি, ফিলিস্তিনের স্বাধীনতা, Gaza Declaration 2025, Gaza Ceasefire, Muslims in Europe.