রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১০ জুলাই) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা পেরিয়ে বৈঠক শুরু হয় বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বৈঠকে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দেশব্যাপী রাজনৈতিক উত্তাপের মধ্যেই এ বৈঠককে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন কমিশনের সক্ষমতা এবং নির্বাচন আয়োজনের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস স্পষ্ট নির্দেশনা দেন, আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে বলেন: "যে কোনো মূল্যে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে হবে। গণতান্ত্রিক অধিকার চর্চার পথ সুগম করতে আইন, প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থায় সমন্বয় আনতে হবে।"
সরকারি একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচন আয়োজনে যেসব কাঠামোগত সংস্কার প্রস্তাবনা রয়েছে, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, মাঠ প্রশাসন ও নিরাপত্তা বাহিনীগুলোর সমন্বয়ে একটি "জাতীয় নির্বাচন রূপরেখা ২০২৫" তৈরি হচ্ছে, যা শিগগিরই জনসম্মুখে প্রকাশ করা হবে।
বৈঠকে নির্বাচনের সময় সব রাজনৈতিক দলকে আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “নির্বাচন একটি জাতীয় উৎসব-এটি কোনো দল বা গোষ্ঠীর একক ইভেন্ট নয়। দেশের সব দল ও জনগণকে এতে অংশ নিতে হবে।”
অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, সেনা মোতায়েন ইস্যু, ইভিএম বনাম ব্যালট বিতর্ক, প্রবাসী ভোটাধিকার এবং পর্যবেক্ষক গ্রহণ প্রক্রিয়াও আলোচনায় এসেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
কী-ওয়ার্ডস:
প্রধান উপদেষ্টার বৈঠক, ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৫, নির্বাচনী প্রস্তুতি বাংলাদেশ, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ, নির্বাচন রূপরেখা ২০২৫, জাতীয় নির্বাচন কবে হবে, নির্বাচন কমিশন প্রস্তুতি