চাঁপাইনবাবগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে মা-বাবা আহত, প্রতিবেশীদের প্রহারে ছেলে নিহত
- জাকির হোসেন পিংকু
-
২০২৫-০৭-১০ ০৩:০২:০৬
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মাদকাসক্ত ছেলে মাহাবুর ইসলাম বাবু (২৮) মারপিট ও ইট দিয়ে আঘাত করে মা হেনা বেগমকে আহত এবং স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা শিশ মোহাম্মদকে গলাটিপে শ^াসরোধে হত্যাচেষ্টার পর স্বজন ও প্রতিবেশিদের প্রহারে নিহত হয়েছেন। নিহত বাবু রানীহাটী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে। অভিযোগ রয়েছে, বাবু মাদক সেবনের টাকার জন্য দীর্ঘদিন যাবৎ পরিবারের সদস্যদের নানাভাবে অত্যাচার করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় এবং এজাহরের বরাতে জানা যায়,গত বুধবার(৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে মা হেনা বেগমের নিকট মাদক সেবনের জন্য টাকা চায় বাবু। হেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু তাঁকে মারপিট করতে শুরু করে। তখন তাঁর বাবা শিষ মোহাম্মদ স্ত্রীকে রক্ষায় ্ এগিয়ে এলে বাবু পিতার গলাটিপে ধরে। তখন হেনা বেগম স্বামীকে বাঁচাতে গেলে বাবু মাকে দুটি ইট ছুঁড়ে মারে। এতে হেনা বেগমের নাক ও কানে ইট লেগে তিনি রক্তাত্ব হয়ে গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনার জেরে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বাবুর বংশীয় এক চাচা,এক চাচাতো ভাই ও এক প্রতিবেশী বাবুকে আটক করে তাঁর নিজের বাড়ির বারন্দার খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে মারধর করলে তিনি জ্ঞান হারান। বাবুকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসকের নিয়ে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বোন শিরিন ইয়াসমিন (২০) থানায় ৩ জনকে এজাহারনামীয় আসামী করে হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত শুরু হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।