স্মৃতিরা স্মৃতিরনেচে বেড়ায় কারণে অকারণে --
বিমূর্ত সময়ের সাক্ষী হয়ে।
কখনো আনন্দ উল্লাসে, কখনোবা বেদনার বহতায়
নিশুতিরাতে নিদ্রাহীন চোখে।
নেচে বেড়ায় বন্ধুদের আড্ডায়, নতুন প্রজন্মকে
পুরানো দিনের গল্প শোনাতে, বর্তমান ঘটনার প্রেক্ষাপটে
বয়সের ভারে নুয়ে পড়া মানুষের কথামালায়।
স্মৃতিরা নাচে একান্ত নিভৃতে একাকীত্বের দ্বারে,
স্মৃতিচারণে, কবিতার চরণে, গল্পের রূপরেখায় কালের বিবর্তনে।
সব স্মৃতিই নেচে বেড়ায় যতক্ষণ বিস্মৃতির অক্টোপাসে
আষ্টেপৃষ্ঠে বাঁধা না পড়ে।
স্মৃতি অতীত -- অতীত ইতিহাস --
যা ব্যাপক আলোরণ সৃষ্টি করে তা কাগজের পাতায় লিপিবদ্ধ থাকে,
ইতিহাস হয়ে সাক্ষ্য প্রমান বহন করে।
আর বিমূর্ত অমূর্ত সব কিছুই মনের কোণে স্মৃতি হয়ে নাচে
আজীবন সময়ে-অসময়ে।