শুক্রবার, মে ১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মহাধুমধামে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত,গ্রামীন আবহে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৮ ০১:১৮:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিশ^মানবতার শান্তি ও মঙ্গল কামনায় চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সনাতন  দর্শাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া রথকে ঘিরে জেলা শহরের পৌরসভা পার্কে গ্রামীণ আবহে বসেছে ঐতিহ্যবাহী রথের মেলা। মেলায় মিষ্টি,পাপড়,ভাজাপোড়া ও খাবার দোকান, মনোহারির (রকমারি পণ্য) দোকান,মাটির বিভিন্ন তৈজসপত্র,খেলনা,বাঁশি, লোহার সামগ্রী,বিশেষত: কাঠের আসবাবপত্রসহ হরেক রকমের দোকান রয়েছে।
গত শুক্রবার(২৭জুন) বিকেলে আনন্দঘন পরিবেশে চাঁপাইনবাবগঞ্জ শহরে  নারী-শিশুসহ বিপুল সংখ্যক  ভক্ত দড়ি টেনে রথযাত্রায় অংশ নেন। শহরের হুজরাপুর এলাকার শ্রী শ্রী রাধাগোবিন্দ ঠাকুরবাড়ী থেকে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘ,ঝিলিম রোডস্থ সুরেন্দ্রনাথ সিং এর ছোট ঠাকুর বাড়ী থেকে হরেকৃষ্ণ সংঘ ও চরজোতপ্রতাপ শিবতলা শিবমন্দির থেকে সুসজ্জিত রথযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উৎসবে রুপনেয়া রথযাত্রায় ভক্তরা কীর্তনসহ বিভিন্ন পূজা-অর্চনা ও ধমীয় আচার পালন করেন। ঢোলের বাজনার সাথে শোভাযাত্রায় বিভিন্ন পৌরাণিক সাজের মাধ্যমে আবহমান বাংলা ও  পৌরাণিক বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয়। রথযাত্রায় শিশু-কিশোরদের আনন্দ সকলের নজর কাড়ে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি  বলেন, রথযাত্রা সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব। প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালন করা হয়। এই উৎসব কালক্রমে হয়ে উঠেছে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের মিলন মেলা। রথযাত্রা হিন্দু ধর্মের,বিশেষত: প্রভু জগন্নাথের ভক্তদের কাছে একটি পূণ্যউৎসব এবং পূণ্যতিথি। এই পুণ্যতিথিতে  বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন স্থানে মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্য লাভ হয়। ৮ দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে ধর্মীয় এ আচার-উৎসব শেষ হবে। তিনি আরও বলেন,জেলা শহরের নামোশংকরবাটি ঘোষপাড়া, ঝিলিম রোড,হুজরাপুর এবং সদর উপজেলার বারঘরিয়া থেকে ৮টি রথযাত্রা বের করা হয়। রথযাত্রা এবং মেলার নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ।


এ জাতীয় আরো খবর