মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

ইসরায়েলের হয়ে গোয়েন্দাগিরি: তিনজনকে ফাঁসি দিল ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক,
  • ২০২৫-০৬-২৫ ১১:২২:২৪

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান তিনজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মঙ্গলবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উরমিয়া শহরের একটি কারাগারে তাঁদের ফাঁসি দেওয়া হয়। খবর নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র এবং দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিজান ও নূর নিউজ।
দণ্ডপ্রাপ্তদের নাম — ইদ্রিস আলী, আজাদ শোজাই এবং রসুল আহমেদ রসুল। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল এবং দেশের ভেতরে ‘হত্যাকাণ্ড ও নাশকতা চালানোর উদ্দেশ্যে’ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচারের পরিকল্পনা করেছিল।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ওই তিনজন বহু মাস ধরে নজরদারির আওতায় ছিলেন। তদন্ত শেষে তাদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ, গোপন তথ্য পাচার এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়। রাষ্ট্রদ্রোহিতার ধারায় তাদের সর্বোচ্চ সাজা — মৃত্যুদণ্ড — দেওয়া হয় এবং মঙ্গলবার সকালে তা কার্যকর হয়।
এ সময় বিচার বিভাগ একাধিক ছবি প্রকাশ করে, যেখানে অভিযুক্তদের নীল কয়েদি পোশাকে দেখা গেছে। ছবিগুলোর মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে বার্তা দেওয়া হয়েছে, ‘দেশবিরোধী ষড়যন্ত্রের পরিণতি ভয়াবহ।’
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করছে, যা পরিণত হয় ‘১২ দিনের যুদ্ধ’-এ। এই সময়েই মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে দেশব্যাপী এক অভিযানে প্রায় ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
নূর নিউজ জানিয়েছে, সংঘাতকালীন সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ইরান সরকারের সর্বোচ্চ সতর্কতা বজায় ছিল। মোসাদ সংশ্লিষ্টতা সন্দেহে আটক ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ট্রাইব্যুনাল গঠন করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “এই সংঘাত আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়।” অথচ একই দিনে ইরান সরকার তিনজন ‘ইসরায়েলি সহযোগী’কে ফাঁসি দিয়ে ট্রাম্পের শান্তির বার্তার বিপরীতে দৃশ্যত একটি কড়া বার্তা পাঠাল।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান আবারও বুঝিয়ে দিয়েছে যে, অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিদেশি হস্তক্ষেপের প্রশ্নে তারা আপসহীন। এটি যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে বলেও মত দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
যদিও ট্রাম্পের নেতৃত্বে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু ইসরায়েল ও ইরানের মধ্যে গভীর শত্রুতা এবং পরস্পরকে অবিশ্বাস করার ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিরতিকে টেকসই করবে কি না — তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বিশেষ করে, ইরানের সাম্প্রতিক ফাঁসি কার্যকরের মতো কঠোর অবস্থান এই বিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।

সূত্র: মিজান, নূর নিউজ, বিবিসি, আল জাজিরা


এ জাতীয় আরো খবর