ছোটখাটো, কিছুটা বিক্ষিপ্ত যুদ্ধ জয়ের মত
সামান্য অর্থ আজ করেছ সংগ্রহ
কঠিন শ্রমের বিনিময়ে।
সকল প্রাণীই তো বাঁচে শ্রমের বিনিময়ে।
সে তো নতুন কিছু নয়।
সে শ্রম হতেই পারে নিজের, অথবা অন্য কারোর।
ভাবছো কিভাবে কাল দিন যাবে!
কাল যুদ্ধ হবে, অথবা হবে না,
কাল কাজ পাবে না, শরীর ভালো হয়তো যাবে না।
মরা পাতা যেভাবে ঝুলে থাকে ডালে
তুমিও তেমনই থাকবে সংসারে।
কিন্তু তোমার গোঁঙানি শরীরে অস্থির হবে।
ধুলোময় বাতাস যেভাবে ছেয়ে যায় সমস্ত আকাশ।
শুধু ব্যথার প্রলেপ ধুলোর মতন জমে।
আকাশের নিচে মানুষের ভিড় পথ পরিক্রমা করে।
পরিক্রমা করে কাজের জন্য মিছিল।
তুমি সামলাও সেই মিছিল; একটু ধারে সরে যান ভাই, প্লিজ!
মিছিল আসছে, আপনার আমার নিজের দাবি নিয়ে।
দাঁড়াবার জায়গা ছিল না, তবু দেখছি দাঁড়িয়ে,
শেষমেষ মনে হলো, তোমার পাশে গিয়ে দাঁড়ানোই ভালো।