স্যাঁতস্যাঁতে আর আলোছায়ার সরু একটি গলি
আজকে চল সেই গলিরই ছোট্ট গল্প বলি,
টাকা দিয়ে সেথায় চলে শরীর বেচা-কেনা
ঐ ছেলেটির রোজ সাঁঝেতে সেথায় আনাগোনা ।
সকাল থেকেই কেউ সেথায় করত অপেক্ষা
বুকেতে প্রেমের বীজ বুনেছে ক-ত-না আকাঙ্খা ।
হাজার পুরুষ ছিঁড়ে-কুটে রোজ "তার" শরীর খায়
এই ছেলেটি কেনই শুধু তাকেই পেতে চায় ?
মেয়ের মনে প্রশ্নের পর প্রশ্ন ভিড় করে
অপবিত্র শরীর নিয়ে "সে" যাবে কেমন করে ।
শরীর তো তুচ্ছ পাগল, শরীরে কি যায় আসে
হাজার হাজার ধর্ষিতা- পতিতা আজ..... বলল মৃদু হেসে
ঘরে- বাইরে তারা থাকে মুখে কুলুপ এঁটে
শরীর তারাও রোজ বিকায় নিজের অনিচ্ছাতে।
তাদের তো ভদ্র সমাজ, তাই ভদ্র নামেই ডাকে
সকল কাজই চুপিসারে ভালোবাসার ফাঁকে ।
পবিত্রতা শরীরে নয়, মনের মধ্যে থাকে
মনটা রোজ পুড়িয়ে তবেই 'সে' শুদ্ধতা বাঁচে ।
তোমার মুখে শুদ্ধতার ছাপ, চোখে সরল ভাষা
তুমি ভীষণ "পবিত্র" আমার পবিত্র ভালোবাসা।।