কবিতা ভুলে গেছি আমি,
ভুলে গেছি প্রেম-
প্রকৃতির সীমাহীন সৌন্দর্য
নদী,ঘাস,ফুল ও পাখি
সকালের সূর্য ওঠা,
বিকেলের গোধূলি রঙ,
আষাঢ়ের অবিরাম বৃষ্টি
আনন্দ সমারহে বসুধা-সুধা;
দু-চোখে ভালোলাগা যা কিছু
আমি যেন ভুলে গেছি সব-
ভুলে গেছি মাটি,মানুষ আর মাকে।
তোমার অনুভব মিটিমিটি তারা হয়ে
জলছে কি না আকাশে জানিনা এখন
জানিনা পাখনা মেলা বলাকার ঝাক
মেঘের আড়ালে উড়ে বেড়ায় কি না
রিমঝিম বরষায়।
কদম ফুলের সহাস্য প্রষ্ফুটন
আষাঢ়ে ছুঁয়ে যায় কি না
রৌদ্র ধোয়া খরতাপে,
জানিনা কিছুই- গ্রীষ্ম -বর্ষা-শরতের
অপার মাধুরি বেলার গান।
সারাক্ষণ কাটে আমার বৈধব্যবর্ণে,
আমার যা কিছু সবই শূন্য
কেবলই শূন্যে ধাবমান;
আমি যেন এক অজানা ঠিকানায়
উড়ে চলা ভুবন চিল।