বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চমক ক্লাব বিশ্বকাপে: এলএএফসিকে হারিয়ে টিকে রইল তিউনিশিয়ার এস্পেরাঁস

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৬-২১ ১৩:৩৫:১৩
ছবি সংগৃহিত

ক্লাব বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বড় এক ধাক্কা খেল যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি (এলএএফসি)। শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে তাদের ১-০ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে আফ্রিকার মুখ উজ্জ্বল করল তিউনিশিয়ার ক্লাব এস্পেরাঁস দে তুনিজ।
জিইওডিস পার্ক স্টেডিয়ামে ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি আসে ম্যাচের ৭০তম মিনিটে। ইউসুফ বেলাইলি বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের শটে বল পাঠান এলএএফসি গোলরক্ষক হুগো লরিসের পায়ের ফাঁক দিয়ে। মুহূর্তেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট।
প্রথমার্ধে অবশ্য এলএএফসি দু’বার বল জালে পাঠায়, কিন্তু দুই গোলই অফসাইডের কারণে বাতিল হয়। এরপরও তারা হাল ছাড়েনি, কিন্তু গোলের দেখা আর মেলেনি।
ম্যাচের নাটকীয় মুহূর্ত আসে ইনজুরি টাইমে, যখন ৯৯তম মিনিটে পেনাল্টি পায় এলএএফসি। তাদের তারকা ফরোয়ার্ড ডেনিস বুয়ানাগা স্পট কিক নিলেও এস্পেরাঁস গোলরক্ষক বেচির বেন সাঈদ অসাধারণ দক্ষতায় বল ঠেকিয়ে দিয়ে দলকে জয় এনে দেন।
প্রায় ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ১৩,৬৫১ জন দর্শক। গ্যালারিতে ছিলেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও কণ্ঠশিল্পী স্বামী কিথ আরবান—যারা খেলা উপভোগ করছিলেন সরাসরি।
এই হারের ফলে দুই ম্যাচে গোল না করেই গ্রুপ ‘ডি’ থেকে ছিটকে গেল এলএএফসি। অন্যদিকে এস্পেরাঁসের সামনে এখনো সম্ভাবনা রয়েছে পরবর্তী রাউন্ডে ওঠার। তাদের শেষ ম্যাচ ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে, যেটি হতে যাচ্ছে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ।
এস্পেরাঁস কোচ মাহের কানজারি বলেন- “এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি আমাদের আত্মবিশ্বাসের পুনর্জন্ম। চেলসির বিপক্ষে আমরা মরিয়া হয়ে লড়ব।”
এই জয় তিউনিশীয় ফুটবলের জন্য যেমন গর্বের, তেমনি বিশ্ব ফুটবলে আফ্রিকার প্রতিভা ও লড়াকু মনোভাবের এক উজ্জ্বল প্রমাণ।

 


এ জাতীয় আরো খবর