বাইরে ঝড়ের মেঘ পড়ে ঘনঘন বাজ,
এই অবেলায় ভর সন্ধ্যায় কোথায় আছিস?
শহরের পথঘাট হুংকার ছোঁড়া জংলা রাজ,
দিন ভাঙ্গছে রাত বাড়ছে বুঝে থাকিস।
কথা আছে ভীষণ জরুরি অনেক কথা,
তোকে তো শোনানো হয়নি না বলা অনেক ব্যথা ;
সরষে ক্ষেতের আড়ালে লুকিয়ে দেখার ব্যাকুলতা,
হরি মন্দিরের চাতাল জুড়ে অদ্ভুত মাদকতা!
তুইকি এখনো ওখানে ধেই নেচে বেড়াস
ওড়নাটা'কি পাগল দামাল হাওয়ায় উড়ে যায়?
জানালায় চোখ সোজা ভয় তাড়াতে চেঁচাস
ভোলাটা'কি চোখ উল্টে সেই ডিগবাজি খায়?
বিকেলগুলো তুলে রাখিস খালচড়া পোড়ের হাটে
নুঠি লুঠের ঘোড়া ধরে জলছোলা দিস?
তেজী ঘোড়া ওল্টালে কানমোলা চড় সপাটে
ছুঁচ সুতোয় কোঁচড় ভরা ফুল নিস?
দুর্গা পূজায় ষষ্ঠীতে নিয়ম করে ব্রত
দেখার ছলে ভোর সকালে তুলিস ফুল?
জানালা ধরে টোকা মেরে পালাস দ্রুত
রাখিস ওরে আড়াল করে বিলিতি কুল ?
গল্প উড়ে যাচ্ছে ফুঁড়ে আকাশ পথ
যেথা নীল স্বপ্ন জমা থাকে ডাকবাক্সে!
ঘোড় দৌড়ে মাটি খুঁড়ে সাজবে রথ
তুই কেন চুপটি হেন ভাঙ্গাচোরা নির্বাক্সে?
একদিন আসিস কোজাগরী হিমেল মাঝ সন্ধ্যেবেলা
ভূত তাড়াতে পোড়ের মাঠে করবো খেলা;
একদিন আসিস তাল সারিতে ভাসাবো ভেলা
খুব ইচ্ছে জীবন পাড়ে দেখবো মেলা!