বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

হামিদ ফিরলেন, মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা: তদন্তে দোষী হলে আইনের মুখোমুখি হবেন সবাই

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৫-০৬-০৯ ১৮:৩৬:১৩
ছবি সংগৃহিত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশযাত্রা ও দেশে প্রত্যাবর্তন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিশেষ করে ২০২৪ সালের আলোচিত জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলার আসামি হিসেবে তার নাম থাকায় বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
রোববার দিবাগত রাতে (৮ জুন) দেশে ফেরেন আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা এই সাবেক রাষ্ট্রপতি। চিকিৎসার জন্য বিদেশে থাকলেও তার অনুপস্থিতি ও মামলার অগ্রগতি নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। এ নিয়ে সোমবার (৯ জুন) সকালে যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
একজন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ থাকা সত্ত্বেও এখনো কেন কোনো আইনি উদ্যোগ নেওয়া হয়নি-এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানান, তদন্ত এখনো চলছে এবং যারাই দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “আপনারাই বলেছেন, কিছু কিছু মামলা এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হলে যারাই দোষী হবেন, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে বিনা কারণে সাজা দেওয়া হবে না। নির্দোষদের হয়রানি করাও আমাদের উদ্দেশ্য নয়।”
তিনি আরও জানান, কিশোরগঞ্জের ঘটনার তদন্তে উপদেষ্টা পর্যায়ের একটি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তদন্ত শেষে একটি সুপারিশ (রিকমেন্ডেশন) দেবে। সেই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে তদন্তে যদি কিছু প্রমাণ না হয়, তাহলে কেন একজন নির্দোষ মানুষকে সাজা দেওয়া হবে? যে দোষী, কেবল তাকেই শাস্তি দেওয়া হবে।”
তদন্তের ভিত্তিতেই দোষীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে নির্দোষদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।
ঈদুল আজহার সময় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল-জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,“আমার প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল। বড় কোনো অপ্রীতিকর ঘটনার রিপোর্ট পাইনি। রাস্তাঘাটে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, তবে তা বিচ্ছিন্ন ঘটনা। কিছু ছোটখাটো চুরি, ছ্যাঁচড়ামি হয়েছে, যেটা সাধারণত হয়ে থাকে। কিন্তু বড় ধরনের কিছু হয়নি, এটা ইতিবাচক দিক।”
যাত্রাবাড়ী থানা পরিদর্শনের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “আমি এসেছি পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এবং তাদের থাকার ও খাওয়ার ব্যবস্থার খোঁজ নিতে।”
পরিদর্শনে গিয়ে দেখা যায়, দুপুর ও রাতের খাবারের মেন্যু এক হলেও, দাম ভিন্ন। এ বিষয়ে তিনি বলেন, “আমি নির্দেশ দিয়েছি যেন দুটো সময়ের খাবারের মূল্য সমান হয়। পাশাপাশি খাবার তদারকিতে একজন এসআই ও থাকার ব্যবস্থার তদারকিতে আরেকজন এসআইকে দায়িত্ব দেওয়ার কথা বলেছি।”
সাবেক রাষ্ট্রপতির প্রত্যাবর্তন এবং সরকারপক্ষের আইনানুগ অবস্থান-দুই মিলে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কিছুটা স্বস্তিদায়ক হলেও তদন্তের গতি ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া-এই দুটি বিষয়ই এখন জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে।
জনগণের আস্থার জায়গায় রাষ্ট্রীয় ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার কতটা আন্তরিক, সেটাই এখন দেখার বিষয়।

 


এ জাতীয় আরো খবর