কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদের নতুন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, রাত ২টার দিকে সৌদি প্রবাসী আব্দুল বাতেনের বিল্ডিংয়ের দরজার লক ভেঙে ৮-১০ জন মুখোশধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। একপর্যায়ে ডাকাত দল পরিবারের সদস্যদের মুঠোফোন বন্ধ করে খাটের নিচে ফেলে দেয়। এরপর তাদের অস্ত্রের মুখে জিম্মি করে করে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতি প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তারপরও মাঝে মধ্যে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।