মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আঠারো বছরের অপেক্ষার অবসান: আইপিএল ট্রফি ছুঁয়ে কেঁদে ফেললেন বিরাট কোহলি

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৬-০৪ ১৩:৩৮:৪৩
ছবি সংগৃহিত

ঢাকা | ৪ জুন ২০২৫
দীর্ঘ আঠারো বছর-ছেলেবেলা থেকে শুরু করে কিংবদন্তি হয়ে ওঠার গল্প। আর সেই অধ্যায়ের সবচেয়ে কাঙ্ক্ষিত সমাপ্তিটা এলো ২০২৫ আইপিএলে।
বিরাট কোহলি, যাঁর নাম আজকের ক্রিকেটের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অধ্যায়, অবশেষে হাতে তুললেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর প্রথম শিরোপা।
আর সেই মুহূর্তে তিনি আর কেবল একজন ক্রিকেটার ছিলেন না-তিনি হয়ে উঠলেন আবেগের প্রতিচ্ছবি। মাঠে হাঁটু গেড়ে কাঁদলেন, মাথা ঠেকালেন ঘাসে। যেন চিৎকার করে বললেন-“এটুকু পথ আমি হাল ছাড়িনি।”
মঙ্গলবার আহমেদাবাদের গর্জনভরা রাত। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় নিশ্চিত হতেই পুরো গ্যালারি যেন বিস্ফোরিত হলো উল্লাসে, আর বিরাট-চিরচেনা সেই আগুনচোখে এবার ছিল অশ্রু।
ফিল সল্টের কাঁধে লাফিয়ে উঠে আলিঙ্গন, এরপর সতীর্থদের সাথে একে একে জড়িয়ে ধরা-তাঁর প্রতিটি অভিব্যক্তি জানিয়ে দিল, এ কেবল এক ম্যাচ নয়, এটি একটি জীবনকালের সঞ্চয়।
ম্যাচ শেষে বিরাট বলেন-“১৮টা বছর হয়ে গেল। আমি আমার তারুণ্য, সেরা সময় আর অভিজ্ঞতা এই দলকে দিয়েছি। প্রতিটা মৌসুমে শুধু একটা লক্ষ্য ছিল-ট্রফিটা ঘরে তোলা। শেষ পর্যন্ত সেটা যখন এল, আমি বিশ্বাসই করতে পারছিলাম না।”
তিনি বলেন, “এই জয়টা শুধু আমাদের দলের নয়, বরং আমাদের ফ্যানদের জন্য। যারা প্রতিটা হারের পরও পাশে থেকেছেন। তাদের জন্যই এই উচ্ছ্বাস, এই কান্না।”
বিরাট আরও যোগ করেন-“অনেক সময় গেছে, যখন মনে হয়েছে হয়তো অন্য কোথাও গেলে সহজ হতো। কিন্তু আমি সবসময় থেকে গেছি। আমি চাইনি অন্য কারও হয়ে এই ট্রফি জিততে। আমার হৃদয় আর আত্মা জুড়ে আছে বেঙ্গালুরু। যতদিন খেলব, শুধু এই দলের হয়েই খেলব।”
ক্রিকেটের বাণিজ্যিক আসরে যেখানে খেলোয়াড়রা দলে দলে বদলায়, সেখানে কোহলির এই নির্ভেজাল আনুগত্য আরসিবিকে তার জন্য 'একটি দল' নয়, একটি পরিবারে পরিণত করেছে।
কোহলির কান্না শুধু তারই ছিল না-সেটি ছিল একসাথে বহু হৃদয়ের কান্না। মাঠেই তিনি জড়িয়ে ধরেন এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, যুবরাজ সিংদের-যারা একসময় বেঙ্গালুরুকে টেনে নিয়ে গেছেন ব্যাটে-বলে, কিন্তু শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি।
এই জয় যেন তাঁদের অসমাপ্ত অধ্যায়েরও পূর্ণতা।
বিরাট কোহলির এই আইপিএল জয়ের গল্প কোনো কেবল ক্রীড়া খবরে আটকে থাকা খবর নয়-এটি এক মানবিক সাফল্যের গল্প।
এটি একজন খেলোয়াড়ের, একজন নেতার, একজন ভক্তপ্রাণ মানুষের অবিচল বিশ্বাসের ফল।
তিনি হয়তো অনেক আগেই ক্রিকেট কিংবদন্তিদের কাতারে পৌঁছে গেছেন।
কিন্তু ২০২৫ আইপিএলের এই ট্রফি-তাঁকে দিয়েছে ভক্তির চোখে পূর্ণতা, ভালবাসার অনন্য ছোঁয়া।

 


এ জাতীয় আরো খবর