বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ঈদযাত্রায় ফিটনেসবিহীন রঙিন যান চলাচলে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বাহিনীর ছুটি বাতিল

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-০৩ ১৫:০৫:০৭
ছবি সংগৃহিত

ঢাকা| ৩ জুন ২০২৫
আসন্ন ঈদুল আজহার যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ফিটনেসবিহীন এবং রঙিন সাজে সাজানো যানবাহনকে সড়কে চলাচলের অনুমতি না দেওয়ার কঠোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
জাহাঙ্গীর আলম বলেন, “ঈদ এলেই আমরা দেখি, কিছু মালিক ভাই ফিটনেসহীন বাস-ট্রাক রঙচঙ দিয়ে রাস্তায় নামান। এটা কোনোভাবেই বরদাশত করা হবে না। এবারের ঈদযাত্রায় এসব যানবাহন রাস্তায় নামতে পারবে না।”
তিনি আরও বলেন, “অনেক সময় অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের দিয়ে এই যানবাহনগুলো চালানো হয়, যা ভয়াবহ ঝুঁকি তৈরি করে। সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যেন অভিজ্ঞ ও লাইসেন্সধারী চালক ছাড়া কেউ গাড়ি চালাতে না পারেন।”
উপদেষ্টা জানান, যানবাহনের চালকদের বিশ্রামের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। “রাজশাহী থেকে একজন চালক গাড়ি চালিয়ে গেলেন, ফেরার আগেই তাকে আবার গাড়ি চালাতে বলা হয়-এমন অনিয়ম বন্ধে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করা হয়েছে,” বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “ঈদে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করা হয়েছে। ভাড়া নির্ধারিত সীমার বাইরে যেন কেউ না নিতে পারে, সেজন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হচ্ছে।”
বাসে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে এবার নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “প্রত্যেক বাসে তিনজন দায়িত্বপ্রাপ্ত লোক থাকবে, যাদের কাছে পুলিশের জরুরি নম্বর থাকবে। যাত্রীদের ছবি সংগ্রহ করে রাখা হবে। যেকোনো সমস্যায় তারা দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবহন মালিকদের জানাবে।”
ঈদের ছুটিকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, “আমরা পুলিশসহ সব বাহিনীর ছুটি বাতিল করেছি। শুধু জরুরি প্রয়োজনে সীমিত কিছু ছুটি রাখা হয়েছে। ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা বাহিনী শতভাগ সজাগ থাকবে যেন কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় কমিটির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “ঈদযাত্রাকে ইবাদতের মতো গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। পুলিশ, মালিক, শ্রমিক ও সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টায় যেকোনো পরিস্থিতি মোকাবিলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “চাঁদাবাজি-যে নামেই হোক, সেটা শ্রমিক, মালিক বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেও-কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।”

 


এ জাতীয় আরো খবর