মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

হারিসের ব্যাটে ইতিহাস, পাকিস্তানের হোয়াইটওয়াশে শেষ বাংলাদেশের সফর

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৬-০২ ০০:৫২:০৮
ছবি সংগৃহিত

শেষ ম্যাচটা হোক প্রেস্টিজ রক্ষার-এই লক্ষ্য নিয়েই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু হায়! মোহাম্মদ হারিস নামক এক ব্যাটিং ঝড়ে ভেসে গেল লিটনদের প্রত্যাশা। টস হেরে ব্যাট করতে নেমে ভালো সূচনা করেও ম্যাচ জেতার মতো স্কোর দাঁড় করাতে পারলো না সফরকারীরা। আর জবাবে ব্যাট হাতে একাই ম্যাচ শেষ করে দিলেন হারিস।
৭ উইকেটে জিতে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ নিশ্চিত করল স্বাগতিক পাকিস্তান।
৪৬ বলেই তিন অঙ্কে পৌঁছান মোহাম্মদ হারিস। ইনিংসটি ছিল পুরোটাই বিধ্বংসী-৮টি চার ও ৭টি ছয়ের মার। হারিস অপরাজিত থাকেন ১০৭ রানে। তাকে সঙ্গ দিয়ে ম্যাচ শেষ করেন সালমান আঘা, ১২ বলে ১৫ রান করে। তাদের জুটির কল্যাণে ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান ১৮তম ওভারে ম্যাচ শেষ করে দেয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ছিল দুর্দান্ত। তানজীদ ও ইমনের ব্যাটে পাওয়ার প্লেতে আসে ৫৩ রান। জুটি ফিফটি স্পর্শ করে মাত্র ৩৫ বলেই। পরে ইমন ৩৪ বলে ৬৬ রানের ইনিংসে ৭টি চার ও ৪টি ছয় হাঁকান। তার সঙ্গী তানজীদও সমান তালে এগোচ্ছিলেন-৩২ বলে করেন ৪২ রান।
এই জুটির বদৌলতে বাংলাদেশ একসময় পৌঁছে যায় ১৫ ওভারে ১৫০ রানে।
১৫ ওভারে দেড়শ ছাড়িয়ে যাওয়া দলটি শেষ পাঁচ ওভারে হারায় একাধিক উইকেট। ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি লিটন (২২), হৃদয় (২৫) ও শামীম (৮)। শেষদিকে জাকের আলি করেন ৯ বলে ১৫ রান। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে ১৯৬ রানে।
পাকিস্তানের হয়ে হাসান আলী ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান-মিরাজ ফেরান সাহিবজাদা ফারহানকে (১)। তবে এরপরই মোড় ঘোরানো জুটি গড়েন হারিস ও সিয়াম। পাওয়ার প্লেতে আসে ৫৬ রান, আর জুটি ফিফটি ছুঁয়েছিল ৩২ বলে।
সিয়াম ২৯ বলে ৪৫ করে ফেরেন। তাকে বিদায় দিয়ে জুটি ভাঙেন রিশাদ। তবে হারিস থামেননি।
সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে নিজের জাত চেনান ইমন। ২৭ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করে খেলেন ৬৬ রানের ঝড়ো ইনিংস। অন্যদিকে ইনজুরিতে থাকা শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পান পেসার খালেদ আহমেদ। টি-টোয়েন্টি অভিষেকে ৯২তম ক্রিকেটার হিসেবে দেশের হয়ে খেললেন এই ডানহাতি পেসার।
তাকে জাতীয় দলের ক্যাপ পরিয়ে দেন ম্যানেজার নাফিস ইকবাল।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আলি আঘা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ, হাসান আলী, আব্বাস আফ্রিদি।

মোহাম্মদ হারিস: ৩ ম্যাচে সর্বোচ্চ রান (১১৭*)
আব্বাস আফ্রিদি: সবচেয়ে বেশি উইকেট
পারভেজ ইমন: শেষ ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস

বাংলাদেশের ব্যাটিংয়ের সূচনা আশাব্যঞ্জক হলেও মিডল অর্ডারে দুর্বলতা, বোলিংয়ে বৈচিত্র্যের অভাব ও পাকিস্তানের টপ অর্ডারে আগ্রাসী ব্যাটিং-সব মিলিয়ে তিন ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে লিটনের দল। নতুন মুখ ও অভিষেকপ্রাপ্ত খেলোয়াড়দের পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকলেও, পারফরম্যান্স ছিল হতাশাজনক।


এ জাতীয় আরো খবর