প্যারিস সাঁ জার্মেই (পিএসজি) মানেই তারকায় মোড়ানো দল, গ্ল্যামার, আলোঝলমলে ফুটবল-এই পরিচিতি ভেঙে এবার তৈরি হলো নতুন পরিচয়। ইউরোপ সেরার মঞ্চে, জ্বলজ্বলে তারকাদের ছায়া ছেড়ে একদল যুবা যোদ্ধার হাত ধরে ইতিহাস গড়ল পিএসজি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতের ৫-০ গোলের অপ্রত্যাশিত জয় শুধু এক শিরোপা নয়, এক দর্শনের বিজয়।
নেইমার-মেসিদের যুগে বহু কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ অধরাই ছিল। এবার সেই স্বপ্ন পূরণ হলো লুইস এনরিকের কৌশলগত দূরদর্শিতা আর তরুণদের দুরন্ত ফুটবলের সুবাদে। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইন্টার মিলান যেন ছিল দর্শকের ভূমিকায়-দু’চোখে হতভম্ব বিস্ময়, পায়ে জড়তা।
গোছানো, গতিশীল, গঠনমূলক-এই তিন গুণে ভর করে শুরু থেকেই ছন্দে ছিল পিএসজি। ম্যাচের দ্বাদশ মিনিটে ভিতিনিয়ার পাসে এলোমেলো হয়ে যায় ইন্টারের রক্ষণ। ডি বক্সে সুযোগ পেয়ে হাকিমি গোল করে এগিয়ে দেন দলকে। এরপর একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইতালিয়ান জায়ান্টরা।
দুই মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল আসে দুয়ের শটে, যেটি দিমার্কোর গায়ে লেগে জালে জড়ায়। প্রথমার্ধেই দেম্বেলে ও থুরামের দুটি সুযোগ মিস হলেও ইন্টার ছিল নিষ্প্রভ। বিরতির পর যেন আরও দানবীয় হয়ে ওঠে ফরাসি ক্লাবটি।
ম্যাচের নায়ক ১৯ বছর বয়সী দেজিরে দুয়ে। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে ইতিহাসে নাম লেখালেন তিনি। তার সঙ্গে আলো ছড়িয়েছেন খাভারাতস্খেলিয়া, হাকিমি, মায়ুলু ও বারকোলা। শেষ গোলটি আসে ৮৬তম মিনিটে মায়ুলুর পা থেকে, যে সময় মাঠে এসেছিলেন মাত্র দুই মিনিট।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পাঁচ গোল করা এবং পাঁচজন আলাদা খেলোয়াড়ের গোল-এটি যেমন একটি দুর্দান্ত দলগত সাফল্যের প্রতীক, তেমনি ফুটবলের একটি নতুন দর্শনকেও তুলে ধরে: কৌশল, কষ্ট আর একাগ্রতায়ও গড়া যায় ইউরোপ সেরার দল।
ম্যাচশেষে সব আবেগ যেন ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। বার্সেলোনার পর এবার পিএসজিকে ইউরোপের সিংহাসনে বসিয়ে ইতিহাস গড়লেন লুইস এনরিকে। তবে এই জয় তার কাছে শুধুই পেশাদার কীর্তি নয়। কয়েক বছর আগে ক্যান্সারে হারানো কন্যার ছবি সম্বলিত টি-শার্ট পরে মাঠে হাঁটতে থাকা এনরিকেকে দেখে চোখ ভিজেছে অনেকের। পিএসজি আল্ট্রারাও উত্তোলন করে কন্যার ছবিসহ বিশাল ব্যানার-ফুটবল তখন রূপ নেয় আবেগের মহাকাব্যে।
এই জয়ে পিএসজি শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, জিতেছে ‘ট্রেবল’-লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব। দ্বিতীয় ফরাসি ক্লাব হিসেবে ট্রেবল জয় করে তারা নাম লেখাল ১৯৯৩ সালের মার্সেইয়ের পাশে। তবে তাদের পথটা ছিল একেবারে ভিন্ন-যেখানে গ্ল্যামার নয়, জয় এসেছে পরিশ্রম, পরিকল্পনা আর প্রজন্মের হাত ধরে।
এবারের এই পিএসজি তাই কেবল একটি দল নয়-এটি ফরাসি ফুটবলের ভবিষ্যৎ, যেখানে মাঠে নেমে লড়াই করে ছিনিয়ে নেওয়া যায় ইতিহাস।