বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বিশ্বমঞ্চে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’: ২২ আন্তর্জাতিক পুরস্কার জয় করে ইতিহাস গড়ল বাংলা সিনেমা

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৬-০১ ১৯:৪৬:৩৯
ছবি সংগৃহিত

ঢাকা | ১ জুন ২০২৫ |  
বাংলাদেশের সাহিত্য ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক গর্বের মুহূর্ত। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমা এবার আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সম্মাননা অর্জন করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করল।
আব্দুস সামাদ খোকনের পরিচালনায় এবং তামান্না সুলতানার প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি ইতোমধ্যেই ২২টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। সর্বশেষ ব্যাংকক মুভি অ্যাওয়ার্ডসে তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার-শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও আইকন অ্যাওয়ার্ড-জিতে নেয় সিনেমাটি।
'শ্রাবণ জ্যোৎস্নায়' অংশ নিয়েছে সুইজারল্যান্ডের আলপাইন ফ্রেমস ফিল্ম ফেস্টিভ্যাল, সুইডেন ফিল্ম অ্যাওয়ার্ডস, আইডিয়াল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্দো-দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শ্রীনগরের আন্তর্জাতিক ফেস্টিভ্যাল, সহ আরও এক ডজন চলচ্চিত্র উৎসবে। প্রতিযোগিতামূলক এই মঞ্চগুলোয় একের পর এক পুরস্কার জিতে নিয়ে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য গর্বের উদাহরণ তৈরি করেছে।
সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, গাজী আব্দুন নূর, সুব্রত বড়ুয়া, বাপ্পা শান্তনু, মাসুম বাশার, মিলি বাশার এবং সাদিয়া শিমুল। প্রত্যেক চরিত্রেই ফুটে উঠেছে বাস্তব ও আবেগের সংমিশ্রণ।
জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানের গাওয়া ‘ভবপারে লও আমারে বাইয়া’ গানটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ইতোমধ্যে লাখ লাখ দর্শক এই গান শুনে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। পাশাপাশি অনিমা রায় অভিনয় ও গান গেয়ে দিয়েছেন সিনেমায় আরেকটি মিষ্টি মাত্রা। মিল্টন খন্দকার ও বিনোদ রায় দাস ছিলেন সংগীত পরিচালক, আসাদুজ্জামান মজনু চিত্রগ্রহণে এবং মনিরুল ইসলাম সম্পাদনায় কাজ করেছেন।
সিনেমাটির প্রযোজক তামান্না সুলতানা নিজেই এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। পিরোজপুরের মেয়ে তামান্না ইডেন মহিলা কলেজ থেকে দর্শনে মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এরপর বাংলাদেশের এবং পরে ব্রিটিশ এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১০ সাল থেকে অডিও-ভিডিও প্রযোজনায় যুক্ত থেকে নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করেছেন চলচ্চিত্র প্রযোজক হিসেবে।
সিনেমার সাফল্যে আবেগাপ্লুত তামান্না বলেন, “শ্রাবণ জ্যোৎস্নায় সিনেমার এই আন্তর্জাতিক স্বীকৃতি শুধু আমার নয়, পুরো দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক বড় অনুপ্রেরণা। প্রমাণ হলো-গল্প যদি শক্তিশালী হয়, নির্মাণ যদি নিখুঁত হয়, অভিনয় যদি হৃদয় ছোঁয়-তাহলে বাংলা সিনেমাও বিশ্বজয় করতে পারে।”

 


এ জাতীয় আরো খবর