পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ইতোমধ্যেই পরাজয়ের গ্লানি বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে লিটন-শান্তদের সামনে আজ (রবিবার) তৃতীয় ম্যাচ শুধুই সান্ত্বনার লড়াই। তবে মাঠের হতাশা ছাপিয়ে এক মনোজ্ঞ অভিজ্ঞতায় ভেসেছে গোটা দল-পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে রাজকীয় গালা ডিনার!
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজনে লাহোরে অনুষ্ঠিত হয় এই বিশেষ নৈশভোজ। যেখানে রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক ছিলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানাতে ছিল পাক দলের খেলোয়াড়রাও।
পাকিস্তানের আতিথেয়তা ছিল চোখে পড়ার মতো। খেলায় মুখ থুবড়ে পড়লেও আতিথেয়তায় উষ্ণ অভিজ্ঞতা হয়েছে জাকের-সাকিবদের। পুরো আয়োজনটি ছিল ভিন্ন মাত্রার-একদিকে রাষ্ট্রীয় সম্মান, অন্যদিকে ক্রিকেট-ভ্রাতৃত্বের উজ্জ্বল বার্তা।
পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো নিয়ে চলমান অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশ দলের এই সফর স্বস্তির নিঃশ্বাস ফেলিয়েছে আয়োজকদের। বিশেষ করে, পিএসএলের সময় নিরাপত্তা ইস্যুতে কিছু বিদেশি খেলোয়াড়ের ফিরতে অনাগ্রহ পাকিস্তানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে টাইগারদের নির্বিঘ্ন সফর পাকিস্তানকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নতুন করে আস্থার জায়গায় দাঁড় করিয়েছে।
প্রসঙ্গত, মূলত পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ দলের অনুরোধে তা কমিয়ে তিন ম্যাচে আনা হয়। ইতোমধ্যে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। আজ রাত ৯টায় লাহোরে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সিরিজ জয় না পেলেও বাংলাদেশ দল এবার চাইবে অন্তত একটি জয় দিয়ে সফর শেষ করতে। তবে মাঠের লড়াইয়ের চেয়েও লাহোরের রাজকীয় আতিথেয়তা অনেকদিন মনে রাখবেন ক্রিকেটাররা।