মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিসিবির সভাপতি হিসেবে প্রথম দিনেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন বুলবুল

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৬-০১ ০২:৫৫:৩৪
ফাইল ছবি

ঢাকা | ১ জুন ২০২৫ | 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম দিনেই প্রশাসনিক ও কৌশলগত দিক থেকে পরিবর্তনের আভাস দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের ১৭তম সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরদিনই দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার বোর্ড সভা শেষে প্রকাশ পেল তাঁর ভাবনা ও রূপরেখা।
সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানান, দেশের ক্রিকেট উন্নয়নে ‘ডিসেন্ট্রালাইজেশন’ বা বিকেন্দ্রীকরণ প্রক্রিয়াকে প্রাধান্য দিচ্ছেন নতুন সভাপতি। প্রথম ধাপে রাজশাহী ও উত্তরবঙ্গে বিসিবির আঞ্চলিক অফিস চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে কোচ, আম্পায়ার ও কিউরেটরদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
"এই পাইলট প্রকল্প দিয়েই আমরা দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ দিতে যাচ্ছি,"-বলেছেন মিঠু।

বিপিএলের সর্বশেষ আসরের আর্থিক তথ্য নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন মিঠু। তাঁর ভাষ্যমতে, এবারের বিপিএলে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ১২ কোটি ৩৫ লাখ টাকা, যার মধ্যে খরচ বাদ দিয়ে বোর্ডের হাতে রয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা।
“আমরা প্রথম থেকে চতুর্থ স্থানে থাকা দলগুলোর সঙ্গে ৫৫ লাখ টাকা, এবং ৫ থেকে ৭ নম্বরে থাকা দলগুলোর সঙ্গে ৪৫ লাখ টাকা রেভিনিউ শেয়ার করেছি,”-জানান মিঠু।
তবে একাধিক ফ্র্যাঞ্চাইজির এখনও আর্থিক লেনদেন বাকি আছে বলে জানান তিনি। বরিশাল এবং রংপুর ব্যতীত ঢাকা, রাজশাহী, খুলনা ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চূড়ান্ত হিসাব-নিকাশ এখনও সম্পন্ন হয়নি।
বিসিবির আর্থিক ব্যবস্থাপনাকে আরও পেশাদার ও স্বচ্ছ করতে বোর্ড চিফ ফাইনান্স অফিসার (সিএফও) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে এ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মিঠু জানিয়েছেন, ঈদের পরপরই প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।
প্রেসিডেন্ট বুলবুলের লক্ষ্য বিসিবিকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ একটি ক্রীড়া সংগঠনে রূপান্তর করা। এর অংশ হিসেবে বিসিবির মানবসম্পদ বিভাগে রিস্ট্রাকচারিংয়ের কথা বলেছেন তিনি। এ বিষয়ে মিঠু বলেন, “বিশ্বমানের মানদণ্ডে পৌঁছাতে হলে ক্রিকেট বোর্ডকে সংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। প্রেসিডেন্ট সেটাই চাচ্ছেন।”
দেশব্যাপী প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে বোর্ড খুব শিগগিরই একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে। নতুন সভাপতি বুলবুল দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেট প্রতিভা আবিষ্কারের ওপর জোর দিচ্ছেন।
“রাজশাহী ও উত্তরবঙ্গে প্রাথমিকভাবে শুরু হলেও এই কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে যাবে,”-বলেন মিঠু।

 


এ জাতীয় আরো খবর