বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

সংস্কার ছাড়া নির্বাচন হলে ফের স্বৈরতন্ত্রে ফিরে যেতে পারে দেশ: বদিউল আলম মজুমদার

  • রংপুর প্রতিনিধি
  • ২০২৫-০৫-৩১ ২৩:৫১:৫০
ছবি সংগৃহিত

জাতীয় ঐকমত্য ও সাংবিধানিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন হলেও দেশে ফের স্বৈরশাসনের শঙ্কা থেকেই যাবে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
শনিবার রংপুরে আরডিআরএস হলরুমে সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আবু সাঈদসহ অনেক ছাত্র জীবন দিয়েছে মৌলিক সংস্কারের স্বপ্নে। কিন্তু এখনো আমরা সংস্কারবিহীন নির্বাচনকে সামনে রেখে হাঁটছি। এমন হলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। ক্ষমতায় গিয়ে আবারো কেউ ‘দানব’ হয়ে উঠতে পারে।”
ড. বদিউল বলেন, কিছু সংস্কার সরকার অধ্যাদেশের মাধ্যমে করলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর সম্মতি প্রয়োজন। এজন্য জাতীয় সনদে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। “আমরা আশা করি, আবু সাঈদের শহীদ দিবসে সংবিধান ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে রাজনৈতিক চুক্তি হবে,” বলেন তিনি।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্ররা রাজনীতি করবে, সংস্কৃতিচর্চা করবে, এটা স্বাভাবিক। কিন্তু তারা যেন আর লাঠিয়াল না হয়। হাসিনার পতনের সূচনা হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার দিন থেকেই।”
তিনি বলেন, “ছাত্র রাজনীতি বন্ধ করতে চাই না, চাই লেজুড়বৃত্তিক ও সহিংস রাজনীতির অবসান।”
বর্তমান এককক্ষীয় সংসদের পরিবর্তে দুটি কক্ষের সংসদ গঠনের প্রস্তাব দেন বদিউল আলম মজুমদার। তাঁর মতে, উচ্চকক্ষে অর্ধেক সদস্য দলীয় ও অর্ধেক নির্দলীয় হওয়া উচিত। এতে করে সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং নিম্নকক্ষের সিদ্ধান্তে নজরদারি রাখা সম্ভব হবে।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর জোর দেন। “প্রার্থী যাচাই-বাছাই করতে হবে। তাদের থেকে হলফনামা নিয়ে জনগণের কাছে উন্মুক্ত করতে হবে, যাতে যোগ্য ও সৎ নেতৃত্ব উঠে আসে,” বলেন তিনি।
রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদও দেন সুজন সম্পাদক। “দল যদি নিজেদের অর্থনীতি লুকিয়ে রাখে, তারা কীভাবে জনস্বার্থ রক্ষা করবে?”-প্রশ্ন রাখেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সুজন সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু।
বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকার, দি হাঙ্গার প্রজেক্টের শশাঙ্ক বরণ রায়, আইনজীবী জোবাইদুল ইসলামসহ আরও অনেকে।
সভায় অংশীজনরা শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ করেন।


এ জাতীয় আরো খবর