আজ বিকেল ৫টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমে উঠবে এক ব্যতিক্রমী সংগীত সন্ধ্যা- ‘নজরুল কনসার্ট ২০২৫’, যেখানে দেশের ১০টি জনপ্রিয় ব্যান্ড একসঙ্গে গাইবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও উদ্দীপনামূলক গান।
এই আয়োজনের পেছনে মূল উদ্দেশ্য হলো নজরুলের বিপ্লবী সুর তরুণ প্রজন্মের সামনে আধুনিক সংগীত আঙ্গিকে তুলে ধরা। আয়োজনটি হচ্ছে একটি বিশেষ রক অ্যালবামের মোড়ক উন্মোচন উপলক্ষে, যেখানে নজরুলের দশটি গান নতুনভাবে পরিবেশন করেছে ব্যান্ডগুলো।
এই অনন্য অ্যালবামে অংশ নিয়েছে-ওয়ারফেজ, সোলস, দলছুট, আর্ক, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, এমএনবি, রেবেল, ব্ল্যাক ও এফ মাইনর। প্রত্যেক ব্যান্ড একটি করে নজরুলের গান নিজেদের শৈলীতে নতুনভাবে গেয়েছে।
নির্বাচিত গানগুলোর তালিকায় রয়েছে:
কারার ঐ লৌহ কপাট
এই শিকল পরা ছল
তোরা সব জয়ধ্বনি কর
জাগো অনশন বন্দী
দুর্গম গিরি, কান্তার-মরু
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম
বাজিছে দামামা, বাঁধরে আমামা
পরদেশী মেঘ
জয় হোক জয় হোক
নজরুল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এই প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী জানান, গানের কথা, সুর ও স্বরলিপি অপরিবর্তিত রেখে আধুনিক সংগীতায়োজনে রেকর্ডিং হয়েছে। ব্যান্ডগুলো গানের মান বজায় রাখতে নজরুলসংগীত বিশারদদের থেকে প্রশিক্ষণও নিয়েছে।
আর্ক ব্যান্ডের ভোকাল হাসান বলেন, “জাতীয় কবির গান আমাদের রাজনৈতিক জাগরণের মতোই মূল্যবান। বর্তমান প্রজন্মের কাছে তাকে নতুনভাবে উপস্থাপন করতে পারাটা আমাদের জন্য গর্বের।”
সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া জানান, “এই প্রথমবার নজরুলের গান ব্যান্ড ফরম্যাটে করার সুযোগ পেয়েছি। কনসার্টে লাইভ পারফর্ম করাও হবে চমৎকার অভিজ্ঞতা।”
শিরোনামহীন ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, “নজরুলের গান সবসময়েই আমাদের আন্দোলনে অনুপ্রেরণা দিয়েছে। এবার সেটা আরও নতুনভাবে ছড়িয়ে পড়বে।”
শুধু গান নয়, কনসার্টে থাকবে নজরুলের কবিতা আবৃত্তি, ভিজ্যুয়াল প্রেজেন্টেশন ও বিশেষ পরিবেশনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, যিনি আনুষ্ঠানিকভাবে অ্যালবামের মোড়ক উন্মোচন করবেন।
এই নজরুল কনসার্ট সবার জন্য উন্মুক্ত, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে মিলবে এক অনন্য সংস্কৃতির অভিজ্ঞতা।