বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • বন্ধু খুঁজি
  • ২০২৫-০৫-২১ ০১:৩৩:৫১

বন্ধু বন্ধু, বন্ধু খেলা, পুতুল খেলা  সাঙ্গ 
বন্ধু নিয়ে এ পথ চলা , রণে দিলো ভঙ্গ।
বন্ধু ছিলো ছেলেবেলায়, নীল আকাশে ঘুড়ি,
ভোর কুড়ানো শিউলিতলায়, মন গেছিল চুরি।

আবার আমি বন্ধু খুঁজি, সুখ দুঃখের ভাগে 
ছায়া ছায়া নামটা বুঝি, জ্বলছে মনের আগে।
আমড়া, তেঁতুল, কুলের আচার, ভাগাভাগি সমান,
ছিলো না কোনো আচার  বিচার, কেউ রাখেনি প্রমাণ।

সুপ্রভাত আর শুভ রাত্রি, বন্ধু এখন ঠাসা 
শেষ ট্রেনের আমরা যাত্রী, স্মৃতির মেঘে ভাসা।
বিশ্বাস আর ভালোবাসা, শিকেয় তুলে রাখি ,
রুদ্ধ হৃদয় মেকি হাসা, সেল্ফি তুলে ফাঁকি।

বন্ধু পাখি, ঝর্ণা পাহাড়, স্বপ্ন সবুজ বন 
ডালে ভাতে তৃপ্তি আহার, মাগি অবুঝ মন।
বাড়ির শাসন ভেঙে সবার, আসতো ছুটে সুজন, 
বিধর্মী বন্ধু আমার, তেঁতুল পাতায় নজন।

অনাবিল সেই বন্ধু দিনে, সুজন ছিল মেলা 
পরান বন্ধু তোমায় বিনে, ভাসতে পারে ভেলা ?
দেখনদারি, সেল্ফি তোলা, কার কত কি আছে !
আমি যে চাই আপন ভোলা, একটি সুজন কাছে। 

মন আয়নায় দেখবে আমায়, এমন বন্ধু কোথায় ?
শীত বেলাতেও হৃদয়ে রাঙায়, আসবে সে জন হেথায়,
মধ্য বেলার কঠিন বাঁকে, ভালোবাসা হারায় 
জাতি ধর্মের অতল পাঁকে, বন্ধু কি আর ডরায় ?


এ জাতীয় আরো খবর