আমরা যারা পাতার ফাঁকে রৌদ্র খুঁজি
মাথার ওপর আকাশটাকে স্বাধীন বুঝি
তারাও জেনো, হতেই পারি অগ্নিগিরি
আলোর খোঁজে নিত্য ভাঙি হাজার সিঁড়ি
আমরা যারা পথের ধুলোয় জীবন আঁকি
বুকের মাঝে আগুনটাকে যত্নে রাখি
তারাও জেনো, কষ্ট লুকোই হাসির তোড়ে
কান্না ভুলে সূর্য দেখি নতুন ভোরে
আমরা যারা দুঃখ কিনি ভালোবেসে
হৃদয় খুঁড়ে রক্ততিলক আঁকছি হেসে
চাইছি ভীষণ সময়টাকে পালটে দেবো
রথেরচাকা উল্টো দিকে ঘুরিয়ে নেবো
সেই আশাতেই দিনেরশেষে রাত্রি গুনি
আমরা শুধুই স্বপ্নবাজির স্বপ্ন বুনি।