বুধবার, জুলাই ২৯, ২০২৬

গোল্ডেন ডাক ও উইকেটশূন্য সাকিব,তবু খুশি লাহোর শিবির

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-১৯ ০৩:০২:০৩
ছবি সংগৃহিত

প্রায় ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের ম্যাচ ছিলো পাকিস্তান সুপার লিগে (পিএসএল), যেখানে নতুন দলের জার্সিতে দীর্ঘ বিরতির পর দেখা যায় বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। কিন্তু বহু প্রতীক্ষিত ফেরা রঙ ছড়াতে পারেনি। প্রথম বলেই গোল্ডেন ডাক, আর বল হাতে উইকেটশূন্য—স্মরণীয় নয়, বরং আত্মবিশ্লেষণের দিন হয়ে রইলো সাকিবের জন্য।
তবুও তাঁর দল লাহোর কালান্দার্স শেষ হাসি হেসেছে। পেশোয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে প্লে-অফে।
রাওয়ালপিন্ডির ম্যাচটি শুরুতেই বাধা পেয়েছে প্রাকৃতিক কারণে। ধুলিঝড় এবং এরপর বজ্রসহ বৃষ্টিতে ম্যাচ বিলম্বিত হয়, যার ফলে দুই ইনিংসেই ওভার সংখ্যা কমিয়ে আনা হয় ১৩ ওভারে।
প্রথমে ব্যাট করতে নামা লাহোর কালান্দার্স ৮ উইকেটে ১৪৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে। জবাবে পেশোয়ার জালমি থেমে যায় ১২৩ রানে।
সাকিবের জন্য ব্যাট হাতে ফেরাটা ছিল অপেক্ষাকৃত হতাশাজনক। দীর্ঘদিন পর মাঠে নামলেও তিনি নেমেছিলেন ইনিংসের প্রায় শেষদিকে, সাতে, যেখানে কেবল ২ ওভার বাকি ছিল। টি-টোয়েন্টিতে এত নিচে ব্যাট করা তাঁর জন্যও অস্বাভাবিক।
প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে মিস করেন টাইমিং। পরের বলেই আবার বড় শটের চেষ্টা—এবার ধীরগতির ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড। প্রথম বলেই ফিরতে হয় ড্রেসিংরুমে। প্রতীক্ষিত প্রত্যাবর্তন পরিণত হয় নিঃশব্দ বিদায়ে।
বোলিংয়ে কিছুটা ভালো করেছেন। ইনিংসের পঞ্চম ওভারে পাওয়ার প্লে’র শেষ ওভারে বল হাতে নেন সাকিব। সেই ওভারে কেবল ৫ রান খরচ করে প্রেসার তৈরি করেন।
তবে পরে নিজের দ্বিতীয় ওভারে দুটি ছক্কা হজম করলেও, শেষ পর্যন্ত ২ ওভারে ১৮ রান দিয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও উইকেট পাননি, তবু তাঁর নিয়ন্ত্রিত বোলিং পেশোয়ারের রান চাপে রাখতে সাহায্য করেছে।
উল্লেখযোগ্য যে, সাকিব এবার ফিরেছেন সংশোধিত বোলিং অ্যাকশনে। সাম্প্রতিক সময়ে তাঁকে নতুন করে নিজেকে গুছিয়ে নিতে হয়েছে। সেই দিক থেকে বললে-যদিও উইকেট নেই, তবু নিজের ছন্দে ফিরছেন বলেই মনে হয়েছে অনেক বিশ্লেষকের।
দলীয় সাফল্যই সান্ত্বনা হয়ে থাকলো সাকিবের জন্য। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করেছে লাহোর কালান্দার্স। তারা এখন প্রস্তুতি নিচ্ছে ২২ মে’র এলিমিনেটর ম্যাচের জন্য।
এই ম্যাচে যদি সুযোগ পান, সাকিবের জন্য হবে নিজের ফেরাটা স্মরণীয় করে তোলার আরেকটা মঞ্চ।

 


এ জাতীয় আরো খবর