বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ম নি র জা মা ন

  • রাজনীতি যেভাবে পেটে লাথি মারে
  • ২০২৫-০৫-১৯ ০১:২৮:৪৪

বছর দশেক হয়ে গেছে, আমি মিথিলাকে নিয়ে সংসার করি। মিষ্টি মধুর সংসার আমার। এজন্য ফেসবুক-পোস্টে  আপনারা বহুবার শুভকামনা জানিয়েছেন। আপনারা জানেন, সংসার এমন এক চক্কর, ওর মধ্যেই পাঁক খেতে হয়। ইনকাম মিথিলাই করে; আমি বাজার-ঘাট, রান্না-বান্না করে ওকে বুস্ট করে রাখি। বলতে পারেন, বহুদিন ধরে আমি হাউজ হাজব্যান্ড।
তাই বলে পার্কে যাই না, তা নয়! পরিবারকে টের পেতে দিই না। দুপুরে এসে গুড হাজব্যান্ডের মত সন্ধ্যার আগে বাসায় ফিরি। 
ইদানিং পুরানো আড্ডাবাজদের এড়িয়ে লেকপাড়ে এসে টোকাই বাবুর সঙ্গে গাঞ্জা-টাঞ্জা খাই। শুধু কি গাঞ্জা খেতে পার্কে আসি! আসলে আমার ল্যান্ড-এডিকশন আছে। মুক্ত প্রাঙ্গনে ছায়াবীথির সমাহার আমার ব্রেনে নিউ নিউ প্লান ক্লিক করিয়ে দেয়। 
আমি আর টোকাই বাবু যেখানটায় বসি, তার পাশে বুশের চা দোকান। বুশ মরে গেছে কয়েক বছর হয়। ওর পালক মেয়ে কহিনুর এখন দোকান চালায়। বুশ মরার কয়েকদিন পর টোকাই বাবু বলে—ভাই, আপনে ভাইবেন না, আমি জিন্দা! বুশের লগে লগে আমিও মইরা গেছি।
আমি বলি—এইটা ভালো করছো; সংসার করার ভেজাল থেইকা বাইচা গেছো।
বাবু বলে—আপনে তো আগে থেকেই মুর্দা। জিন্দাবাদ না মুর্দাবাদ, কোনটা ভালো কে জানে!
ইদানিং ম্যারাডোনাকে দেখি, বাইক চালায়া আসে। পালসার বাইকটা আমাদের সামনে রেখে হিজল তলার দিকে চলে যায়। বাবু বলে—ভাই খেয়াল করছেন, ম্যারাডোনা হুগাইয়া গেছে! মনে হয় ডায়বেটিস হইছে।
পার্কের এই দিকটায় যারা আসে, মটর সাইকেলগুলো আমাদের সামনে রাখে। বিকেল হতে হতে বেশ সুন্দর বাইকের হাব হয়ে যায়। গাছের নিচে মটর সাইকেলের ডিসপ্লে! আমার মাথায় নিউ প্লান খেলে যায়। বাবুকে বলি—ব্যবসা করবা?
কি ব্যবসা?
মটর সাইকেলের ব্যবসা। ভেরি সিক্রেট।
ভালো ব্যবসা। শুরু করেন।
কি বলবো ভাই, বৈসম্য-বিরোধী সরকার শেষমেষ আমার পেটেই লাথি মাইরা দিলো! 
ছাত্র মরছে মন্দিরের দিকে, তিন নেতের মাজারের কাছে, রাস্তার উপর; আর সরকার পার্কের দোকানপাট ভাইঙ্গা গেটগুলোতে তালা ঝুলাইয়া দিছে! সরকার কয়—পার্কে নাকি জমজমাট মাদক ব্যবসা চলে! সো, প্রবেশ নিষেধ!
আরে ভাই, আমি কি পার্কে গাঞ্জা খাইতে আসি! ব্যবসা আছে আমার। বিকাল হইতে হইতে ছবিরহাটের মতো বাইকের হাটও জমে যায়, সব তো আর বেচা হয় না, দুই-চারদিনে একটা-দুইটা। নগদ টাকার ক্লাইন্ট পাওয়া মুখের কথ না! খুব সিক্রেট ভাবে কাজ করতে হয়। ক্লাইন্ট এসে বলে—ভাই, মটর সাইকেল দিবেন বললেন…।
কোনটা পছন্দ?
ওই কালো পালসারটা।
ড্রাইভিং জানো তো?
আবার জিগায়! আমার হাতে মটর সাইকেল পংক্ষিরাজ হয়া যায়।
কতো আছে?
দশ হাজার।
আরো বাড়ো।
তেরো হাজার গুনে বাবুকে পাঁচ হাজার দিই। বাবু বলে—ভাই, চাবি দেন। ম্যারাডোনা হিজল তলায় বইসা কল্কি টানতাছে। এই মিয়া, আসো; পিছে বসো।
বাবু মাস্টারমাইন্ডের মতো মাস্টার-কী দিয়ে বাইক স্টার্ট করে মোমেন্টের মধ্যে পার্ক পেরিয়ে মেইন রোডে উঠে  ক্লাইন্টকে বলে—এইবার চালায়া যাও। কুইক।
পথের ভিড়ে মটরসাইকেল মিলিয়ে যায়।
ম্যারাডোনা এসে বলে—ভাই, এইখানে আমার পালসারটা ছিল; কই গেলো কইতে পারেন!
আমি বলি—যাও মিয়া! গাঞ্জা খাইয়া টং হয়া আছো; তুমিতো আজকে হাইটা আসছো; বাইক তো দেখি নাই!
ম্যারাডোনা কপাল চাপড়ায়—ও মোর গড! এতো দেশে খেলতে গেলাম; শেষমেষ পার্কে আইসা ধরা খাইলাম! আমার গাড়িটা গেছে! চোরে লইয়া গেছে…।
ততক্ষণে টোকাই বাবু ফিরে এসে লাইটার দিয়ে কল্কিতে আগুন দেয়। ম্যারাডোনা কল্কিতে টান দিয়ে বলে—ক্যানেজিয়া, ওরে ক্যানেজিয়া; ফাউল করলি তুই; লাল কার্ড খাইলাম আমি!
বাবু বলে—ম্যারাডোনা ভাই, যান, জগিং করেন; আপনার ডায়বেটিস হাই হয়া গেছে!
লোকটা পার্কের সবুজ গালিচায় গড়াগড়ি খেতে খেতে ঘুমিয়ে পড়ে।
পার্কে সন্ধ্যা নামলে কে আত্মা আর আর কে আসল মানুষ, ভেদ করা যায় না।
বহুদিন ধরে আমি একজন হাউজ হাজব্যান্ড। তাই বলে পার্কে যাই না, তা নয়! পরিবারকে টের পেতে দিই না। দুপুরে এসে গুড হাজব্যান্ডের মত সন্ধ্যার আগে বাসায় ফিরি। 
এতো সস্তায় কেউ বাইক দিতে পারবে! দেখেন তো! বৈসম্য-বিরোধীরা কি আকামডা করলো! ক্যামন মেজাজ খারাপ লাগে! 
বাবু বলে—কত সরকার আইলো গেলো! মন খারাপ কইরেন না,ভাই; কয়দিন গেলে গ্রিল ভাইঙ্গা ঢুইকা পরমু।

 


এ জাতীয় আরো খবর