বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ইমনের ব্যাটে ঝড়: এক ইনিংসে ৯ ছক্কা, বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান

  • ক্রীড়া প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৮ ১৩:৫৬:০৮
ছবি সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক নাম, নতুন এক চমক-পারভেজ হোসেন ইমন।
যেখানে সেঞ্চুরি কেবল কল্পনায় থেকেছে, সেখানে বাস্তবে ঝড় তুললেন এই তরুণ ব্যাটার। এক ইনিংসে ৯ ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম শতকের পাশাপাশি গড়লেন বাংলাদেশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
শনিবার রাতে শারজাহর বাতাস যখন গরম, তখন ২২ গজে চলছিল আরও উত্তাপ ছড়ানো এক নাটক। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ছক্কার বৃষ্টি ঝরিয়ে ৫৩ বলে পূর্ণ করেন শতক। ইনিংস শেষে তার নামের পাশে ৫৪ বলে ১০০ রান, ৫টি চার আর রেকর্ড ৯টি ছক্কা।
২০১৬ সালে তামিম ইকবাল যখন ধর্মশালায় ওমানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন, তখনও হয়তো কল্পনা করা যায়নি যে পরবর্তী সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হবে পুরো ৯ বছর।
ইমন সেই অপেক্ষার অবসান ঘটালেন-দৃপ্তভাবে, ধৈর্য নিয়ে, এবং দারুণ শৈলীতে।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে ৭ উইকেটে ১৯১ রান। সেই রান তাড়া করতে নেমে আমিরাত লড়াই করলেও শেষ পর্যন্ত থেমে যায় ১৬৪ রানে। ম্যাচটি জেতে বাংলাদেশ ২৭ রানে। এবং এই জয়ের পেছনে বড় ভূমিকা যে ইমনের, তা বলাই বাহুল্য।
‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে পুরস্কার নিতে গিয়ে ইমন বলেন: “এই শতক আমার জন্য খুবই স্পেশাল। এটা আমার প্রথম আন্তর্জাতিক শতক। আমি আমার পরিকল্পনায় অটল থেকেছি এবং চেষ্টা করেছি উইকেট বুঝে খেলতে। পরিকল্পনা কাজ করেছে, তাই খুব ভালো লাগছে।”
পরিসংখ্যানের খাতায় ইমনের নাম-
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি।
এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড (৯টি)।
দ্রুততম সেঞ্চুরি (৫৩ বলে)।
স্বীকৃত টি-টোয়েন্টিতে তার আগেও রয়েছে ৪২ বলে সেঞ্চুরি (ডমেস্টিকে)।
ইমনের এই ইনিংস শুধু একটি সেঞ্চুরিই নয়, বরং তা একটি বার্তা। বার্তা যে, বাংলাদেশের ক্রিকেটে নতুন দিনের সূচনা হচ্ছে নতুন প্রজন্মের ব্যাটে ভর করে। তামিম-সাকিবদের অধ্যায়ের পরে যিনি আসবেন, তিনি হয়তো ইমন হবেন।

 


এ জাতীয় আরো খবর