বুধবার, আগস্ট ১৯, ২০২৬

জবি আন্দোলনে উত্তেজনা: তথ্য উপদেষ্টাকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ, শিক্ষার্থী চিহ্নিত

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-১৫ ১৬:০১:১৮
ছবি সংগৃহিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার্থীদের আন্দোলনে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তাকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ করা হয়। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বোতল ছোড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে।
ঘটনাটি ঘটে বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশি ব্যারিকেডের সামনে। শিক্ষার্থীদের দাবিদাওয়া শুনতে গিয়ে উপদেষ্টা মাহফুজ আলমকে আকস্মিকভাবে একটি পানির বোতলে আঘাত পেতে হয়, যা সরাসরি তার মাথায় লাগে। ঘটনার পর মুহূর্তেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী।
ঘটনার সময় নিক্ষেপকারী যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে। অভিযুক্ত যুবকের নাম ইশতিয়াক হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৯তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।
‘জবিয়ান্স’ নামে একটি জনপ্রিয় শিক্ষার্থী ফেসবুক পেজে তার নাম, বিভাগ ও ব্যাচ উল্লেখ করে পোস্ট দেওয়া হয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়, এবং অন্যান্য শিক্ষার্থীরাও সামাজিক মাধ্যমে একই দাবি সমর্থন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. তাজাম্মুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিক্ষার্থীর পরিচয় সম্পর্কে আমরা জানি। তবে এখন আমাদের প্রধান কাজ হলো দাবিদাওয়া আদায় করা। এই মুহূর্তে এ ধরনের ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সময় নয়। পরিস্থিতি বিবেচনায় পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি বাসভাড়া কমানো, আবাসন সুবিধা বৃদ্ধি, ও সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলনে নেমেছেন। কয়েকদিন ধরেই চলমান এই কর্মসূচির অংশ হিসেবে তারা বিভিন্ন ফটক অবরোধ, বিক্ষোভ, ও মানববন্ধন করছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
বিশ্লেষকদের মতে, শান্তিপূর্ণ ছাত্রআন্দোলনের মাঝে এমন সহিংস বা উত্তেজনাকর ঘটনা পুরো আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। যদিও ছাত্রদের দাবি যৌক্তিক, তবে ব্যক্তিগত আক্রমণ বা হঠকারি আচরণ আন্দোলনকে বিভ্রান্ত করতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।
বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দাবিগুলো নিয়ে কথা বলছে। এখন পরিস্থিতি খুবই স্পর্শকাতর। একারণে আরও দায়িত্বশীল আচরণ জরুরি।”

 


এ জাতীয় আরো খবর