মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

হজের প্রস্তুতি শুরু,কাবাঘরের গিলাফ তিন মিটার ওপরে তোলা হলো

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-১৪ ১৮:৪১:১৮
ছবি সংগৃহিত

প্রতি বছরের মতো এবারও পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে কাবাঘরের গিলাফ (কিসওয়াহ) নিচ থেকে তিন মিটার পর্যন্ত ওপরে তুলে নেওয়া হয়েছে। এরপর সেই অংশ সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী এ কার্যক্রমটি সম্পন্ন হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
মসজিদুল হারাম ও মসজিদে নববির তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষের অধীনে একটি বিশেষ প্রশিক্ষিত দল অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করে। গিলাফের নিচের অংশ সরিয়ে ফেলা হয় এবং তিন মিটার পর্যন্ত ওপরে তুলে সেই অংশ সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়।
কাবার গিলাফ তোলার এই ঐতিহ্য দীর্ঘদিন ধরেই পালিত হয়ে আসছে। অতীতে কিছু হজযাত্রী গিলাফ ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতেন বা তাতে নিজের নাম লিখে রাখতেন, যা ধর্মীয় দৃষ্টিতে অযৌক্তিক ও অবৈধ। এসব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কাবাঘরের নিচের অংশ ঢেকে রাখা হয়।
গিলাফ তোলার মাধ্যমে হজের সময় ঘনিয়ে আসার বার্তা দেওয়া হয়। এটি হজের আগমনসূচক একটি দৃষ্টিনন্দন চিহ্ন। প্রতি বছর ১৫ জিলকদ বা তার আশপাশের তারিখে এই কাজ সম্পন্ন করা হয়, কারণ এরপর থেকেই হাজিদের তাওয়াফের ভিড় অনেক বেড়ে যায়। তখন আর এ ধরনের প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৪৪৭ জন হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১,৯০০ জন।
বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হজ পালন করতে ইতোমধ্যে সৌদি আরব পৌঁছাতে শুরু করেছেন। হজের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পবিত্র নগরী মক্কায় ধর্মপ্রাণ মুসলিমদের ভিড়ও বাড়ছে।

 


এ জাতীয় আরো খবর