কল্যাণী কাজী - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ এর স্ত্রী। ডাক নাম ছবি।
কল্যাণী কাজী একাধারে একজন নজরুলসঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক।
জন্ম ৭ সেপ্টেম্বর ১৯৩৫ সালে কলকাতার বিডন স্ট্রীটের এক সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারে। পিতার নাম গিরিজা প্রসাদ পাল এবং মাতা মানময়ী পাল। কল্যাণী তাঁর পিতামাতার একমাত্র সন্তান।
পড়াশোনা করেছেন ওরিয়েন্টাল সেমিনারী স্কুলে। এরপর বেথুন কলেজে।
সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা কল্যাণী কাজী সঙ্গীতে দীক্ষা নিয়েছেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র এবং দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো গুণী সঙ্গীতশিল্পীদের কাছে।
কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধর সাথে পরিচয় শেষে তাঁদের বিয়ে হয় ১৯৫৪ সালে।
অনিরুদ্ধ-কল্যাণী দম্পতির তিন সন্তান। বড় ছেলে কাজী অনির্বাণ ও ছোট ছেলে কাজী অরিন্দম (সুবর্ণ)। আর সবার ছোট মেয়ে কাজী অনিন্দিতা। কাজী অনির্বাণ একজন পেইন্টার। কলকাতায় একটি বিজ্ঞাপনি সংস্থা পরিচালনা করেন।
কল্যাণী কাজীর বেশকিছু বই প্রকাশিত হয়েছে। যার মধ্যে 'রবি পরিক্রমায় নজরুল' ও 'অন্তরঙ্গ অনিরুদ্ধ' অন্যতম।
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি ব্যস্ত ছিলেন 'অন্তরঙ্গ প্রমীলা' বই রচনা নিয়ে।
অনুপ জালোটা, শক্তি ঠাকুরের মতো গুণী শিল্পীদের দিয়ে নজরুলসঙ্গীত রেকর্ড করিয়েছেন তিনি নিজের তত্বাবধানে।
কর্মের স্বীকৃতি হিসেবে তিনি ভূষিত হয়েছেন 'বঙ্গভূষণ' সন্মাননায়।
'জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে' অমোঘ এই চিরন্তন বাণীকে মেনে নিয়ে ১২ মে ২০২৩ এ অনন্ত যাত্রায় পাড়ি জমান নজরুল পরিবারের সন্মানিত সদস্য ও ঐতিহ্য কল্যাণী কাজী। শ্রদ্ধাঞ্জলি।