মন খারাপের একলা আকাশ
আমার জন্য থাক !
উতল হাওয়ার দখিন বাতাস
তোমায় ছুঁয়ে থাক।
তোমার ভুবন তারায় ভরা
অরুণ আলো ছড়ায়,
আমার পৃথি অশ্রু ঝরা
প্লাবন হয়ে ভাসায়।
বিষন্ন এই একলা যাপন
সাক্ষী রাতের তারা,
তুমুল জীবন তোমার ভুবন
পূর্ণ তোমার ঘড়া।
নিজের সাথে ছায়া যুদ্ধ
ক্লান্ত যখন আমি,
হয়তো তুমি খানিক ক্ষুব্ধ
জানে অন্তর্যামী !
ফাগুন বেলার প্রথম পুরুষ
হয়তো ছেলেখেলা !
তোমার মাঝে আদি পুরুষ
খুঁজি সারা বেলা।
আমার ছায়া দীর্ঘ এখন
ঢেকে ফেলে তোমায়,
ছায়া যুদ্ধে পটু কি তেমন ?
খুঁজছো নিজের বলয় !
প্রকৃতি ও পুরুষ জানো !
তার প্রেমেতেই মজি,
শাশ্বত সেই পুরুষ মানো ?
মহাকাব্য রচি।
আমার ছায়া, দীর্ঘ থেকে দীর্ঘতর হবে
তোমার নকল ভুবনটাকে, ধ্বংস করবে যবে,
আকাশ নদী ঝর্ণা পাহাড়
চেতন হবে লীন !
কোন ছায়াটা কে বা কাহার
বাজবে মনোবীণ।
আদিপুরুষ তুমি আমার, তুমি প্রকৃতি
কাটবে, প্রহর তোমার আমার , একটু আকুতি !