শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আজ গাধার দিন: অবহেলার গাঢ় ছায়া থেকে উঠে আসা এক নিঃশব্দ নায়ক

  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-০৫-০৮ ১৩:৩০:২৬
ছবি সংগৃহিত

মানুষ যখন কটাক্ষ করতে চায়, তখন একটা প্রাণীর নাম প্রায়ই ব্যবহার করে-গাধা। অথচ, ইতিহাস, প্রকৃতি ও পরিশ্রমের গল্পে এই প্রাণীটি এমনভাবে নিজের নাম লিখে রেখেছে, যা হয়তো কখনোই উচ্চারিত হয় না সম্মানের কণ্ঠে। আজ ৮ মে, বিশ্ব গাধা দিবস-একটি দিন, যেদিন অবশেষে কিছুটা আলো পড়ে এই 'নীরব শ্রমিকের' ওপর।

গাধা, এক প্রাণী যে কথা বলে না, প্রতিবাদ করে না, কেবল বোঝা বহন করে-দীর্ঘদিন ধরে সভ্যতার চাকা ঘুরিয়েছে নিজের পিঠে ভার তুলে নিয়ে। মরুভূমির কাঠফাটা রোদ হোক কিংবা পাহাড়ি দুর্গম পথ-সে ছিল বিশ্বস্ত সহচর। অথচ, কৌতুকের বিষয় হয়ে থাকা এই প্রাণীর কষ্ট, ত্যাগ আর নিরবতা কেউ যেন শোনে না।
২০১৮ সালে মরুভূমির প্রাণী গবেষক আর্ক রাজিক ফেসবুকের এক ছোট্ট প্রচেষ্টায় শুরু করেন এই দিবসের যাত্রা। উদ্দেশ্য ছিল একটি মাত্র-"একটু সম্মান গাধার প্রাপ্য হোক।" এরপর থেকেই প্রতি বছর বিশ্বের নানা প্রান্তে পালিত হচ্ছে বিশ্ব গাধা দিবস, যদিও অনেকের কাছেই এটি এখনো এক অচেনা দিবস।

গাধা: ব্যঙ্গ নয়, বাঁচার প্রতীক
এই দিবসে প্রশ্ন তোলা দরকার-গাধা কি কেবল মূর্খতার প্রতীক? নাকি সে এমন এক প্রজাতি, যাকে আমরা কখনোই তার প্রাপ্য মর্যাদা দেইনি?
গ্রামীণ অর্থনীতিতে আজও গাধার ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল কিংবা আফ্রিকার সাহারা-সব জায়গায় সে এখনো মানুষের ভার বহন করে,পরিবহণ করে খাদ্য, পানি ও কাঠ। অথচ তার জন্য নেই কোনো স্বাস্থ্যসেবা, নেই বিশ্রামের নিশ্চয়তা।

নীরবতা মানেই বোকার পরিচয় নয়
বোকা, নির্বোধ, বোঝার অযোগ্য-এসব বিশেষণে গাধাকে ছোট করা হয়। কিন্তু মানবজাতির ইতিহাসে গাধার মতো সহিষ্ণু ও আত্মত্যাগী প্রাণী খুব কমই আছে। মানুষ যখন যুদ্ধ করেছে, শহর বানিয়েছে, খাবার সরিয়েছে-সবসময় পাশে ছিল এই প্রাণীটি।
তবুও আমরা তাকে তুলনা করেছি কেবল অজ্ঞতার প্রতীক হিসেবে। আসলে কি কেউ কখনো গাধার চোখে চোখ রেখে দেখেছে সেই ক্লান্তি? যে চোখ বলে না কিছু, তবুও বহন করে শত শত কিলোগ্রামের ভার।

‘গাধা’ শব্দের পেছনে যে অসম্মান লুকিয়ে থাকে
শব্দ শুধু ভাষা নয়, সমাজের মনোভাবও প্রকাশ করে। ‘তুই একটা গাধা’-এই বাক্যেই ফুটে ওঠে সমাজের পশুপ্রীতির অভাব। আমরা যখন কাউকে অপমান করতে চাই, তখন আমরা বেছে নিই গাধার নাম। অথচ সিংহের অহংকার, শেয়ালের ধূর্ততা কিংবা মানুষের হিংস্রতাও কোনোদিন বিদ্রুপের বিষয় হয়নি।
এই দিবসে তাই প্রশ্ন ওঠা উচিত-আমরা গাধাকে অপমান করছি, নাকি নিজেরাই নিজেদের সভ্যতা নিয়ে প্রশ্ন তুলছি?

কীভাবে উদযাপন করব এই দিনটি?
বিশ্ব গাধা দিবস কেবল গাধার জন্য শ্রদ্ধা জানানোর দিন নয়, এটি একটি মূল্যবোধের বার্তা। আপনি চাইলে-

গাধা বিষয়ক তথ্য জানুন, তাদের জীবনাচার নিয়ে গবেষণা করুন।
গাধা রক্ষা ও পরিচর্যা করে এমন এনজিও বা সংস্থায় সহায়তা করুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের দিনটি নিয়ে লেখুন, মানুষকে জানান এই প্রাণীটির প্রাপ্য সম্মান সম্পর্কে।
একটা সমাজ কতটা সভ্য, তা বোঝা যায় সে দুর্বলদের কতটা সম্মান দেয় তা দেখে।
আজ যখন গোটা বিশ্ব জলবায়ু পরিবর্তন, পরিবেশ সঙ্কট আর বৈষম্যের বিরুদ্ধে লড়ছে, তখন এমন ছোট ছোট দিবসগুলো-যেমন বিশ্ব গাধা দিবস-আমাদের মনে করিয়ে দেয়,পৃথিবীটা টিকে আছে শুধু বুদ্ধিমত্তায় নয়, অনেক বেশি টিকে আছে সহনশীলতায়, পরিশ্রমে এবং নিঃশব্দ অবদানে।

গাধা আমাদের শেখায়-কথা নয়, কাজই বড় পরিচয়।


এ জাতীয় আরো খবর