আমার যত গল্প ছিলো, মন খারাপের খামে
পাখা মেলে উড়ে গেলো, নিরুদ্দেশের ধামে।
মন বাগিচায় ফুল ফোটে না, ঊষর মরুভূমি,
মালি হয়ে কেন এলে না, নেই কি একটু জমি ?
আমার যত গল্প ছিলো, বিদায় বেলার গানে
এই অবেলায় আলো দিলো, বুঝি না তার মানে।
আলো আঁধারি লুকোচুরি, ভবের খেলা শেষে,
ভাবের ঘরে চুরি করি, বিদায় বেলায় এসে।
ভয় ভ্রান্তি ভুলগুলো সব, মুক্তি দিলাম আজ
গুণীজনের করবো না স্তব, ফুরিয়ে এল কাজ।
জাগতিক সব কাজগুলো আজ,নেহাৎ ছেলেখেলা
ঝাপসা চোখে স্মৃতির ভাঁজ, সাঁঝ গোধূলি বেলা।
অর্থ নেশা, যশের নেশা, মহামারী অসুখ
আমার কেবল একটা নেশা, মানুষ ভালোবাসুক।
ভালোবাসার পরশমণি, ছুঁয়ে দিলেই তুমি
যুদ্ধ হিংসা হানাহানি, শান্ত হবে ভূমি।