চাওয়া-পাওয়ার হিসেবটা বড্ড বিটকেল-
আহত করে হৃদয়।
সুর-তাল-লয়ের হিসেব যেমন হঠাৎ ভেঙে পড়তে পারে-
তেমনি চাওয়া থেকে পাওয়ারও ছন্দপতন ব্যাপক।
ভালোই কর তুমি কিছু চাও না।
যে কাঙাল হেঁটে যাওয়া পথেও গড়িয়ে চলে
দৃষ্টি আকর্ষণের আশায়,
যার জীবন পুরোনো ফুটো পয়সার মত অচল-
অথচ ভারি এবং মূল্যহীনও -
এদিকে সেদিকে দেখা যায় অনাদরে যাকে,
তার কাছে চাওয়ার কি-ই বা আছে?
শুকনো নদীর রেখায় যার বাসনা বিলাস-
সে তোমাকে কি দিতে পারে?
না চাওয়া'ই ভালো-
শূণ্য হাতের মুঠো থেকে কি পাওয়া যাবে-
বিন্দু বিন্দু নোনা ঘামের গন্ধ আর
পিচ্ছিলতা ছাড়া?
তুমি চাইবে কেন, চাইলেও আমার কাছে কেন?
সমৃদ্ধ কোনো শরীর যদি পাও এ-ও এক ভালো।
নেওয়াটা তোমার প্রয়োজনে পড়ে,
তবে হৃদয় সর্বস্ব মানুষ ঠিক নয়-
এই বেহুদা বাতাসের ভাষা পর্যন্ত নেই-
নিরব নিথর, ভাবনার ডিপো'ই এ এক?