বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৫-০৫ ০১:০২:০৭
ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৪ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে এই কমিটির প্রধান করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন উপদেষ্টা ও সচিব পর্যায়ের কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টা বলেন, “বছরের পর বছর কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে সাধারণ মানুষ বিশেষ করে গরিবরা বঞ্চিত হয়ে আসছেন। এই অনিয়মের অবসান দরকার।”
তিনি বলেন, চামড়ার বাজারে কিছু সিন্ডিকেট দীর্ঘদিন ধরে দাম নিয়ন্ত্রণ করছে, যার কারণে প্রকৃত বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
কমিটিকে শুধু চামড়ার দাম নয়, পশু পরিবহণ, হাট ব্যবস্থাপনা, বর্জ্য অপসারণ এবং চামড়া প্রক্রিয়াজাতকরণেও নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন ড. ইউনূস।
তিনি আরও বলেন, “পশু পরিবহণে যেন অমানবিক আচরণ না হয় এবং পরিবেশ দূষণ রোধে ইটিপির (Effluent Treatment Plant) যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।”

কমিটিতে কারা থাকছেন?
এই উচ্চ পর্যায়ের কমিটিতে রয়েছেন—
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান
চামড়া ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও থাকবেন।

এই কমিটি খুব শিগগিরই কাজ শুরু করবে বলে জানা গেছে। লক্ষ্য একটাই-চামড়া নিয়ে আর যেন অনিয়ম না হয়, এবং সমাজের দরিদ্র মানুষ তাদের প্রাপ্য মূল্য পান।


এ জাতীয় আরো খবর