বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আইপিএলে ইতিহাস গড়লেন বিরাট কোহলি: ছক্কার ত্রিশাঙ্কুতে একচ্ছত্র আরসিবি সম্রাট

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-০৪ ১৩:০২:৩৬
ছবি সংগৃহিত

আইপিএলে আবারও রেকর্ড বই লিখলেন বিরাট কোহলি। শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চিরচেনা বিরাট ঘরানায় ব্যাট করে গড়লেন একাধিক অনন্য কীর্তি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিজের নামের পাশে যোগ করলেন আরেকটি বিরল সম্মান-একই ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে ৩০০টি ছক্কা হাঁকানোর ইতিহাস গড়লেন তিনি।
চেন্নাইয়ের বিপক্ষে কোহলির ৩৩ বলে ৬২ রানের চোখধাঁধানো ইনিংস ছিল রানমেশিনের আরেকটি নিখুঁত প্রদর্শনী। ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও সমান সংখ্যক ছক্কায়। স্যাম কারানের বলে ক্যাচ আউট হওয়ার আগেই বিরাট নিশ্চিত করে ফেলেছিলেন নতুন ইতিহাসে নিজের আসন।
তবে কেবল ছক্কার মাইলফলকই নয়, এক ইনিংসেই ছুঁয়েছেন আরও একাধিক রেকর্ড। চলতি আসরে এখন পর্যন্ত ৫০৫ রান নিয়ে কোহলি আইপিএলের ‘অরেঞ্জ ক্যাপ’ হোল্ডার। এই নিয়ে তিনি আটটি ভিন্ন মৌসুমে ৫০০+ রান করলেন, যা আইপিএল ইতিহাসে একমাত্র অর্জন। এ তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন ডেভিড ওয়ার্নারকে, যার আছে সাত মৌসুমে ৫০০+ রান।
আরেকটি চমকপ্রদ রেকর্ড-টানা চার ম্যাচে ৫০ কিংবা তার বেশি রান করে কোহলি স্পর্শ করেছেন নিজেরই ২০১৬ সালের পারফরম্যান্স। সাম্প্রতিক ইনিংসগুলোয় তার ধারাবাহিকতা অসাধারণ: ৬২, ৫১, ৭০, ৭৩, ১, এবং অপরাজিত ৬২ রান।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও কোহলি তুলে নিয়েছেন আইপিএল ইতিহাসের একমাত্র স্থান-সর্বোচ্চ ৫০+ ইনিংস (১০ বার)। এই তালিকায় এককভাবে শীর্ষে উঠে তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও ডেভিড ওয়ার্নারকে, যারা প্রত্যেকেই চেন্নাইয়ের বিপক্ষে নয়বার করে এই কৃতিত্ব দেখিয়েছেন।
আরসিবির লাল-কালো জার্সিতে কোহলির প্রতিটি ইনিংস যেন সময়কে ছাপিয়ে যায়। এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দীর্ঘ এই ভ্রমণ ও তার প্রতিটি রেকর্ড এখন ইতিহাসের অংশ। ১৫ বছরেরও বেশি সময় ধরে ব্যাট হাতে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করা এই ব্যাটিং কিংবদন্তি প্রমাণ করে চলেছেন, ফর্ম চমকে যেতে পারে, কিন্তু ক্লাস-তা চিরন্তন।


এ জাতীয় আরো খবর