বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ভায়োদলিদের মাঠে নাটকীয় প্রত্যাবর্তনে শীর্ষে বার্সেলোনা

  • স্পোর্টস ডেস্ক:
  • ২০২৫-০৫-০৪ ১২:৪৭:৪৫
ছবি সংগৃহিত

লা লিগার শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করল বার্সেলোনা। শনিবার রাতে এস্তাদিও হোসে জোরিলায় রিয়াল ভায়োদলিদের বিপক্ষে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ গোলের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। এ জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচের মাত্র ৬ মিনিটেই চমক দেখায় ভায়োদলিদ। ইভান সানচেজের শট বার্সার ডিফেন্ডারে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়, স্বাগতিকদের এগিয়ে দেয় ১-০ গোলে। শুরুতে গোল হজম করলেও দারুণভাবে ম্যাচে ফিরে আসে বার্সেলোনা।
প্রথমার্ধে বার্সেলোনার আক্রমণ ধারাল থাকলেও সমতায় ফেরা হয়নি। তবে ৩৮ মিনিটে ইনজুরিতে পড়া দানি রদ্রিগেজের বদলে মাঠে নামা কিশোর তারকা লামিন ইয়ামাল ম্যাচে নতুন গতি আনেন। তার আগ্রাসী উপস্থিতিতে বার্সার আক্রমণে ধার ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে। ৫৪ মিনিটে রাফিনহা বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ম্যাচে সমতা ফেরান। গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই বল পাঠান জালে।
মাত্র সাত মিনিট পর আবারো গোল। ৬১ মিনিটে ফেরমিন লোপেজ নিখুঁত ফিনিশিংয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন, আর সেটাই হয় ম্যাচের জয়সূচক গোল।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের সঙ্গে উত্তেজনাপূর্ণ ড্রয়ের পর ফ্লিক মূল একাদশে নয়টি পরিবর্তন আনলেও বার্সার মাঠের পারফরম্যান্সে তার ছাপ স্পষ্ট। রোটেশন নীতি কাজে লাগিয়েছেন সফলভাবে।
এই জয়ের ফলে ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। টানা ১৫ লিগ ম্যাচে অপরাজিত থাকা কাতালানরা এর মধ্যে ১৩টিতে জিতেছে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে।
ভায়োদলিদের বিপক্ষে এটি বার্সেলোনার শেষ ১৯ দেখায় ১৭তম জয়, যা পরিসংখ্যানে তাদের দাপটেরই প্রমাণ।
আগামী ১১ মে মৌসুম নির্ধারণী এল ক্লাসিকোয় বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তার আগে রোববার সেল্তা ভিগোর বিপক্ষে জয় পেলে রিয়ালের সামনে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ রয়েছে।

 


এ জাতীয় আরো খবর