বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

লঙ্কানদের মাটিতে যুব টাইগারদের দাপট: সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৫-০৩ ২০:২২:১৪
ছবি সংগৃহিত

প্রথম ম্যাচের হারের পর কেউ হয়তো ভাবেনি-শ্রীলঙ্কায় এতটা দাপট দেখাবে বাংলাদেশের যুবারা। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল ঠিক সেটাই করে দেখালো। ছয় ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের ১৪৬ রানে বিধ্বস্ত করে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে টাইগার যুবারা।
শনিবার (৩ মে), কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের ছাপ রাখে দুই ওপেনার। বিশেষ করে জাওয়াদ আবরারের ব্যাটে ছিল নিখুঁত ছন্দ-রানের গতি, শটের বৈচিত্র্য আর ধৈর্যের মিশেলে তিনি খেলেন এক দুর্দান্ত সেঞ্চুরি (১১৩)। অন্যপ্রান্তে রিজান হোসেন ৮২ রানের ঝলমলে ইনিংস খেলে ইনিংসটিকে শক্ত ভিত দেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়ে সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে লঙ্কান ব্যাটাররা। পেসার আল ফাহাদের ধারালো বোলিংয়ে ধসে পড়ে তাদের টপ অর্ডার। তিনি একাই শিকার করেন ৩ উইকেট। সাপোর্ট বোলার হিসেবে দুর্দান্ত ভূমিকা রাখেন সানজিদ মজুমদার ও তামিম-তাঁদের ঝুলিতে যায় ২টি করে উইকেট।
লঙ্কানদের হয়ে একমাত্র ব্যতিক্রম ছিলেন অধিনায়ক ভিমাথ দিনসারা, যিনি ৬৬ রানের সংগ্রামী ইনিংস খেললেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে অলআউট হয়ে যায় স্বাগতিকরা, সংগ্রহ মাত্র ১৯০ রান।

প্রতিশোধ নয়,পরিকল্পনার জয়
প্রথম ওয়ানডেতে হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু এরপর টানা তিন ম্যাচে জয়ে ফিরেছে এক অন্যরকম পরিকল্পনা ও পরিণতির প্রতিচ্ছবি। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিটি বিভাগেই উন্নতি করেছে তারা-ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটিই ছিল পরিপাটি।

সিরিজে এগিয়ে, চোখ এখন পঞ্চম ম্যাচে
এই জয়ে ছয় ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজে এখনো বাকি দুটি ম্যাচ, যার প্রথমটি মাঠে গড়াবে আগামী ৫ মে, আবারও কলম্বোতেই।
যুবাদের এই দাপুটে পারফরম্যান্স শুধু সিরিজ জয়ের ইঙ্গিতই দিচ্ছে না, বরং দেশের ভবিষ্যৎ ক্রিকেট সম্ভাবনার কথাও নতুন করে সামনে আনছে।


এ জাতীয় আরো খবর