শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

‘মানবাধিকার লঙ্ঘনকারীদের সমর্থনকারীরা সাংবাদিক নয়’-ফেসবুক পোস্টে সরব রাষ্ট্রদূত আনসারী

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৫-০১ ১৯:২৮:৪৫
ফাইল ছবি

জাতিসংঘ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত এক পলাতক ব্যক্তির পক্ষে অবস্থান নেওয়া কিছু গণমাধ্যমকর্মীকে ‘সাংবাদিক’ হিসেবে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেছেন, এমন ব্যক্তিদের নামের আগে ‘সাংবাদিক’ লেখা অনুচিত।
বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আনসারী এই মন্তব্য করেন। সেখানে তিনি জানান, যারা সাংবাদিকতার আড়ালে অপরাধীদের পক্ষ নেন, তারা প্রকৃত অর্থে এই মহান পেশার প্রতিনিধিত্ব করেন না।
আনসারী লেখেন, "বাংলাদেশের হাজারো মানুষের প্রাণহানির জন্য দায়ী এবং জাতিসংঘ কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগপ্রাপ্ত একজন পলাতক খুনির পক্ষাবলম্বনকারীরা কখনোই সাংবাদিক হতে পারে না।"
দীর্ঘদিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সঙ্গে যুক্ত এবং এক সময়কার প্রবাসী সাংবাদিক আনসারী তার পোস্টে আরও বলেন, “সাংবাদিকতার নামে যারা খুন, দমন-পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসকে সমর্থন করে, তারা এই পেশার মর্যাদা হরণ করছেন। গণমাধ্যমগুলোকে আহ্বান জানাই—এইসব সুবিধাবাদী, লুটেরা চরিত্রদের নামের আগে ‘সাংবাদিক’ না লেখার সিদ্ধান্ত নিন।”
আলোচিত এই পোস্টের পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তাঁর বক্তব্যকে সময়োপযোগী ও সাহসী আখ্যা দিয়েছেন, আবার কেউ একে পক্ষপাতদুষ্ট বলে আখ্যা দিচ্ছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সচিবালয়ে ‘জুলাই গণহত্যা’ নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টার সামনে প্রশ্ন তোলায় দুটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিক আলোচনায় আসেন। তাদের মধ্যে একজন ইতোমধ্যে চাকরি হারিয়েছেন এবং অন্যজন দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন বলে জানা গেছে।

 


এ জাতীয় আরো খবর