এখনও আমি দিনকে রাত বানিয়ে
রাতকে দিন বানিয়ে মানুষ খুঁজে ফিরি
আমার বাড়ির গলি দিয়ে রোজ যে ফেরিওয়ালা
মাথায় বেতের ধামা নিয়ে সকাল হলেই হেঁকে যায়
-- মানুষ নেবেন মানুষ - মানুষ চাই মানুষ
বেঁটে মোটা, টেকো, বাবরিছাঁটা, হাড্ডাগোড্ডা
রোগাপাতলা, মেয়েমর্দ, বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের
বিভিন্ন দেশের, বিভিন্ন ধর্মের সাদাকালো, পিঙ্গলা
মানুষ নেবেন গো বাবু মশায়েরা, মা জননীরা...
রোজ ভোরে ঘুম ভেঙে উঠি
চোখ কচলে ফেরিওয়ালাকে ডেকে দাওয়ায় বসাই
তিনিও সব মানুষদের ঝাঁকা থেকে নামিয়ে মাটিতে রাখেন
আর প্রতিদিনিই আমার ভুল ভেঙে যায়
মানুষ বলে যারা ওর ঝাঁকায় বসে আছে
তারা কেউ রক্তমাংসের মানুষ নয়। মাটির।
আমি জানি এ ভুল আমার আগামীকালও হবে
তবে এটাও জানি একদিন না একদিন
এই ঝাঁকা থেকেই নিজের পায়ে মাটিরবুকে
পা রাখবেন একজন সত্যিকারের মানুষ
সবাই যাকে নতুন করে ঈশ্বর বলে ডাকবেন।