মঙ্গলবার, মে ২৬, ২০২৬

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত : ন্যায়ের হাতছানি সবার জন্য

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৪-২৮ ১২:০২:৪৩

আজ ২৮ এপ্রিল, বাংলাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’। এবারের প্রতিপাদ্য, "দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই" -যা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনগত সহায়তার গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।
২০১৩ সাল থেকে এই দিবসটি জাতীয় ও তৃণমূল পর্যায়ে উদযাপিত হয়ে আসছে। বিচার ব্যবস্থায় আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগণের প্রবেশাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। জাতীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে পালিত হচ্ছে নানা আয়োজন, যার মধ্যে র‍্যালি, আলোচনা সভা, প্রচারণামূলক কর্মসূচি এবং সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান অন্যতম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এবং চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরছে।
দিবসটি ঘিরে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন, এনজিও, থানা প্রশাসন, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার পক্ষ থেকে ইতোমধ্যে বাজেট বরাদ্দ নিশ্চিত করা হয়েছে, যাতে অনুষ্ঠানগুলো সরকারি বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইনের আওতায় সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়।
পাবলিক রিলেশনস অফিসার ড. মো. রেজাউল করিম জানিয়েছেন, সরকারি খরচে ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রায় ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা প্রদান করা হয়েছে। এ সেবাগুলো দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা অফিস, ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেল এবং জাতীয় হেল্পলাইন ‘১৬৪৩০’-এর মাধ্যমে।
বিচারপ্রার্থী জনগণের দুঃখ লাঘবে লিগ্যাল এইড আজ নির্ভরতার নাম। আইনগত সহায়তার এই হাতছানি যেন সমাজের প্রতিটি স্তরে ন্যায়ের আলো পৌঁছে দেয়-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

 


এ জাতীয় আরো খবর